“যারা বলে বাংলায় শিল্প নেই, তারা ঠিক নয়। কিছু চিটফান্ড সংস্থা হয়তো বাংলা ছেড়ে চলে গিয়েছে, কিন্তু যারা প্রকৃত ব্যবসায়ী, তারা কেউ যায়নি। হাওড়া থেকে দুর্গাপুর অবধি গেলে দেখা যায় কোথাও জায়গা ফাঁকা নেই।সর্বত্র শিল্প গড়ে উঠেছে।বাংলায় ছটি ইকোনমিক করিডর তৈরি হচ্ছে।পুরুলিয়ায় ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। বাংলায় কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হচ্ছে।” মঙ্গলবার নবান্নে জৈন সম্প্রদায়ের শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠকে এভাবেই রাজ্যের শিল্প সম্ভবনার প্রসঙ্গ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি রাজ্যে যেকোনও পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়ে তিনি বলেন, “কেউ কেউ ভোটের সময় দাঙ্গা লাগাতে চায়। কিন্তু সকলে শান্তি বজায় রাখবেন। শান্তি রক্ষা করাই আমাদের কাজ।”
মঙ্গলবার নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে নবনির্মিত সিরিটি শ্মশানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওয়াটগঞ্জে দৈঘাটে নতুন শ্মশানের শিলান্যাস করেন ভার্চুয়াল মাধ্যমে।সেখান থেকেই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়া নিয়ে সরব হন তিনি। এর পরিপ্রেক্ষিতেই ,যাঁরা বাইরে রয়েছেন কাজের জন্যে তাঁদের রাজ্যে ফিরে আসার কথাও বলেন তিনি।
এদিনের বৈঠকে ভোটমুখী বাংলায় শান্তি বজায় রাখার বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।তিনি বলেন, “নির্বাচনের আগে কেউ কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আমি চাই সবাই একসঙ্গে মিলেমিশে থাকুক, শান্তিতে থাকুক।” ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন তিনি।
এদিনের বৈঠকে রাজ্যের একাধিক উন্নয়নমূলক কর্মসূচী নিয়ে আলোচনা করেন তিনি। একাধিক সরকারি প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন, শিল্প সংস্থার আগমন এবং ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে নিজের সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। একইসঙ্গে বনধের বিরোধিতা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক শান্তি রক্ষার প্রশ্নেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্য সরকারের একাধিক প্রকল্প মানুষের সুবিধার জন্য চালু করা হয়েছে এবং ভবিষ্যতেও আরও কাজ হবে। মানুষের বিশ্বাস ও সহযোগিতাতেই সরকার উন্নয়নের কাজ করে চলেছে বলে তিনি মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের কাজ চলছে, যেখানে ২৪টি শিবলিঙ্গ থাকবে এবং একটি বৃহৎ শিবমূর্তি স্থাপন করা হবে। পাশাপাশি রাজ্যে জগন্নাথ মন্দির-সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনার উন্নয়ন করা হয়েছে। মন্দির হোক বা মসজিদ, যে যে জায়গায় কাজের অনুরোধ এসেছে, সেখানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছেন।





