সাধারণতন্ত্র দিবসে চরম অব্যবস্থার ছবি সামনে এল মধ্যপ্রদেশের একটি সরকারি স্কুলে। খুদে পড়ুয়াদের মিড ডে মিল পরিবেশন করা হল কোনও থালা বা পাত্রে নয়, বরং বইয়ের ছেঁড়া পাতার উপর! এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
সোমবার মধ্যপ্রদেশের মইহার জেলার ভাটগাঁও গ্রামের ওই সরকারি স্কুলে এই ঘটনা ঘটে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সেদিন মিড ডে মিলে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল। ডাল-ভাত-সব্জির বদলে রান্না হয়েছিল পুরি ও হালুয়া। পড়ুয়াদের স্কুল চত্বরে মাটিতে বসিয়ে খাওয়ানো হয়। কিন্তু অভিযোগ, খাবার পরিবেশনের সময় কোনও প্লেট ব্যবহার না করে প্রত্যেক শিশুর হাতে তুলে দেওয়া হয় পুরনো বইয়ের ছেঁড়া পাতা, তার উপরেই দেওয়া হয় গরম পুরি ও হালুয়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিড ডে মিলের জন্য প্লেট কেনার অর্থ বরাদ্দ থাকলেও বাস্তবে একটি প্লেটও ব্যবহার করা হয়নি। পুরনো বইয়ের পাতায় কালি ও পেন্সিলের দাগ ছিল বলেও অভিযোগ উঠেছে। গরম খাবার এভাবে পরিবেশন করায় শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলেন। এই ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে জেলা শিক্ষা দফতর। শিক্ষা দফতরের শীর্ষ কর্তা বিষ্ণু ত্রিপাঠী জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।





