সাহিত্যে নোবেল নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন! এমনই চরম বিস্ময়কর ও ইতিহাস-বিকৃত মন্তব্য করে ফের বাঙালি সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যকে আঘাত করলেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। বুধবার বর্ধমান বিভাগের কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুরের মঞ্চ থেকে নীতীন নবীন দাবি করেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার জন্য নতুন পদ্ধতি দিয়েছেন, সেই কারণেই তিনি শান্তির নোবেল পেয়েছেন।” বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে এমন ভুল বক্তব্য শুধু হাস্যকরই নয়, বরং তা বাংলা ও বাঙালির বৌদ্ধিক ঐতিহ্যের প্রতি চরম অবজ্ঞারই প্রকাশ বলে অভিযোগ উঠেছে।
ভাষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র কটাক্ষ। নেটিজেনদের প্রশ্ন—যাঁরা কবিগুরুর নোবেল প্রাপ্তির বিষয়টুকুও জানেন না, তাঁরা আবার বাংলা সংস্কৃতির রক্ষক হওয়ার দাবি করেন কোন মুখে? বিরোধীদের মতে, এটি নিছক ভুলভ্রান্তি নয়, বরং বারবার বাঙালি গর্বকে খাটো করার বিজেপির রাজনৈতিক চরিত্রেরই প্রতিফলন।
এই মন্তব্যকে ঘিরে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বাংলা ও বাংলার মনীষীদের চেনে না। বারবার এই অভিযোগ তোলে রাজ্যের শাসক দল। এর আগেও বাংলার মনীষীদের নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘দাদা’ বলে সম্বোধন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরুকে রবীন্দ্রনাথ স্যানাল বলেছিলেন। মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা তো রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে অপমান করেছিলেন। সেই তালিকায় এবার জুড়ল বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতির নাম। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির নেতারা বাংলায় এসে রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগরের নাম নেন, কিন্তু তাঁদের সম্পর্কে ন্যূনতম জ্ঞানও রাখেন না। সিপিএম ও কংগ্রেসও এই মন্তব্যকে “অমার্জনীয়” ও “বাঙালি অস্মিতার উপর সরাসরি আঘাত” বলে আখ্যা দিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, বিজেপি নেতৃত্বের মুখে এমন মন্তব্য প্রমাণ করে দেয়—বাংলার সংস্কৃতি, ইতিহাস ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য তাদের কাছে কেবল নির্বাচনী হাতিয়ার, সম্মানের বিষয় নয়। রবীন্দ্রনাথের নোবেল নিয়েও যদি এমন বিভ্রান্তি ছড়ানো হয়, তবে বাংলাকে নিয়ে তাদের দাবিদাওয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে। এই বিতর্ক ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।





