Header AD
Trending

‘বছর বছর ফিরবে সেবাশ্রয় ‘ মেটিয়াবুরুজে শিবির ঘুরে প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Abhishek Banerjee

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নিজের সাংসদীয় এলাকায় নতুন করে জনসংযোগে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি শুরু করেছেন ‘সেবাশ্রয় ২’ নামে এক বড়সড় স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি। যা ইতিমধ্যেই রাজ্যের বহু জায়গায় গঠন করা হয়েছে। যার ফলে চিকিৎসা ব্যবস্থায় উপকৃত বহু সংখ্যাক সাধারণ মানুষ। ঠিক তেমনিই সাধারণ মানুষের নজরকাড়া উৎসাহ ও উদ্দীপনার মধ্যে গত বুধবার বিকেলে মেটিয়াবুরুজ বিধানসভার সেবাশ্রয়-২-এর মডেল ক্যাম্প ঘুরে দেখলেন ডায়মন্ডহারবারের সাংসদ। রবীন্দ্রনগরের আকড়া ফটকে ৪ নম্বর ফুটবল মাঠের এই মডেল ক্যাম্পেই শেষ হয় এবারের মতো সেবাশ্রয়-২-এর স্বাস্থ্য শিবির। ৫০ দিনের মাথায় এই শিবিরের শেষ দিনে অভিষেকের ঘোষণা, ‘মানুষের কাছে যে সাড়া পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ। বুঝতে পেরেছি সেবার কোনও শেষ নেই। তাই জানিয়ে রাখতে চাই সেবাশ্রয় বছর বছর ফিরবে।’ এবার সাকুল্যে প্রায় পাঁচ লক্ষ মানুষ এই স্বাস্থ্যশিবিরগুলি থেকে পরিষেবা পেয়েছেন বলে জানা যায়। এখানে ছিলেন বিধায়ক আব্দুল খালেক মোল্লা-সহ অন্য তৃণমূল নেতৃত্ব।

অভিষেক যাওয়ার অনেক আগে থেকেই রাস্তার দু-পাশে কাতারে কাতারে মানুষ ভিড় করে ছিলেন। সেবাশ্রয় ক্যাম্পের ভিতরেও চিকিৎসা পরিষেবা নিতে আসা মানুষের মধ্যে অভিষেককে নিয়ে উৎসাহ-উদ্দীপনার সীমা ছিল না। সাংসদ এদিন মডেল ক্যাম্প পরিদর্শনে এসে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে যান। যথারীতি ক্যাম্পের প্রতিটি জায়গায় গিয়ে সরেজমিনে সব খতিয়ে দেখেন। কথা বলেন চিকিৎসক ও রোগীদের সঙ্গে। কোনও কোনও ক্ষেত্রে রোগীদের অবস্থা বুঝে বিশেষ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তৃণমূল সাংসদ। সকলের অভিবাদন-ভালোবাসা গ্রহণ করেছেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পাল্টা কুর্নিশ জানিয়েছেন জনতাকে। হাত মিলিয়েছেন। বাবা-মায়ের সঙ্গে আসা শিশুদের গাল টিপে আদরও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, কিছু দিন আগের একটি ঘটনা বিষ্ণুপুর বিধানসভায় সম্প্রতি শেষ হওয়া সেবাশ্রয় শিবিরে অনুরাগ পালকে নিয়ে সে সময় তার বাবা-মা এসেছিলেন। ডেঙ্গুতে সংক্রমণের কারণে বাঁ পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ১০ বছরের ছোট্ট অনুরাগের। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাহায্যের ফলে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে সুপার স্পেশালিটি হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছে এই শিশুটির। পরবর্তীতে শিশুটির বাবা-মা এবং প্রতিবেশি ও প্রিয়জনরা এজন্য ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ছোট্ট অনুরাগও তার অভিষেক আঙ্কেলকে ‘থ্যাঙ্ক ইউ’ জানিয়েছে। শিশুটি বলেছিল, “অভিষেক আঙ্কেলের জন্যই আমি আবার বন্ধুদের সঙ্গে ছুটে ছুটে খেলতে পারব।”