গার্ডেনরিচের পাম্পিং স্টেশন ও পাইপ লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে আগামী শনিবার, ৩১ জানুয়ারি দক্ষিণ কলকাতার বেহালা, টালিগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে পানীয় জলের পরিষেবা। বৃহস্পতিবার পুর অধিবেশন থেকে এমনটাই জানিয়েছেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম।
জানা যাচ্ছে, শনিবার বিভিন্ন পাম্পিং স্টেশনে কাজ চলবে। সেই কারণেই এক দিন জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১ ফেব্রুয়ারি সকাল থেকে ফের স্বাভাবিক হবে এই পরিষেবা। এ বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, গার্ডেনরিচ জলপ্রকল্পের অধীনে যে সমস্ত বুস্টার পাম্পিং স্টেশন আছে, সেখানে কাজ চলবে। তাই পানীয় জল সরবরাহ সাময়িক ভাবে বন্ধ থাকবে। ওই সমস্ত পাম্পিং স্টেশন থেকে জল যায় গার্ডেনরিচের বিস্তীর্ণ অংশ, বেহালা, টালিগঞ্জ, গড়িয়ার মতো এলাকায়। কলকাতা পুরসভার ৮, ১০, ১২, ১৪, ১৬ নম্বর বোরোতে জল পরিষেবা বন্ধ থাকার কথা। এখানে জলের লাইনে প্রয়োজনীয় কিছু সংস্কার করা হবে। শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই সমস্ত এলাকায় জল সরবরাহ স্বাভাবিক থাকবে। তার পর থেকে পরিষেবা অনিয়মিত হয়ে পড়বে।
পুরসভা সূত্রে খবর, শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত জল পাওয়া যাবে। কিন্তু তার পরে পাম্পিং স্টেশন ও পাইপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে জল পরিষেবা। কিন্তু রবিবার থেকে সেই পরিষেবা আবার স্বাভাবিক হবে। সকালের মধ্যে সারাদিনের প্রয়োজনীয় জলের ব্যবস্থা করে রাখতে হবে এলাকার বাসিন্দাদের।
মূলত, শহরের সাধারণ নাগরিক যাতে সারা বছর জল পান তার জন্য নির্দিষ্ট সময় অন্তর বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে কাজ চালানো হয়।জানা যাচ্ছে, আগামী শনিবার গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা, ঠাকুরপুকুর, জোকা-সহ ব্যুরো ৯ এর কিছু অংশ জল পাওয়া যাবে না। নির্ষিষ্ট সময় পর্যন্ত জল দেওয়ার পরে তা বন্ধ করে দেওয়া হবে।
সূত্রের খবর, বেশ কয়েক জায়গার পাইপে ফাটল ধরা দিয়েছে। যাতে জল অপচয় না হয়, তার জন্য ওই জায়গাগুলিকে মেরামত করা হবে বলে জানা গিয়েছে। কালীঘাট, রানিকুঠি, গরফা, চেতলা, গল্ফগ্রিন, বেহালা, সিরিটি সহ বেশ কিছু এলাকায় এই মেরামতের কাজ চলবে। বিভিন্ন ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশনে কাজ চলবে। সেই কারণে এসব এলাকায় জল সরবরাহ বন্ধ রাখা হবে।





