দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্কুলগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী ১ এবং ৮ মার্চ দু’টি পরীক্ষা নেওয়া হবে। ১ মার্চ দুপুর ১২টা থেকে হবে ক্লার্ক পদে নিয়োগের জন্য পরীক্ষা। ৮ মার্চ ১২টা থেকে হবে গ্রুপ ডি-র পরীক্ষা। গ্রুপ-সি-তে শূন্যপদের সংখ্যা ২ হাজার ৯৮৯। এখনও পর্যন্ত আবেদনকারীর সংখ্যা ৮ লাখ । গ্রুপ ডি শূন্যপদ ৫ হাজার ৪৮৮।
গ্রুপ ডি-তে নিয়োগের পরীক্ষায় বসার জন্য সাড়ে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। গ্রুপ-সি ক্যাটাগরিতে নিয়োগের জন্য পরীক্ষার সময়সীমা দেড় ঘণ্টা। গ্রুপ-ডি পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ২০ মিনিট। দৃষ্টিহীন ও লিখতে সমস্যা হয় এমন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। দু’দিনই এসএসসিকে মাধ্যমিক পরীক্ষার মতো পরীক্ষা নিতে হবে। বিধানসভা ভোটের আগেই শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চেয়েছিল কর্তৃপক্ষ। এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর প্রস্তাব পাঠায় নবান্নকে।
স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে , বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলেও, লিখিত পরীক্ষা সম্পন্ন হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরই স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চেয়ে নবান্নের কাছে অনুমোদন চেয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের তরফে ১ মার্চ এবং ১৫ মার্চ দু’টি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। নবান্নের অনুমোদন পাওয়ার পর পরীক্ষার তারিখ পরিবর্তন হয়ে ১ মার্চ ও ৮ মার্চ করা হয়।





