এই বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik exam) শুরু হবে ২ ফেব্রুয়ারি, সোমবার। অথচ শুক্রবার পর্যন্তও অ্যাডমিট কার্ড হাতে এসে পৌঁছয়নি ভবানীপুরের একটি নামী স্কুলের ছাত্র। পরীক্ষা দেওয়ার ছাড়পত্র পেতে শেষমেশ সেই স্কুলের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করে ওই পড়ুয়া। গোটা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করে বিচারপতি অমৃতা সিনহা মধ্যশিক্ষা পর্ষদকে জরুরি ভিত্তিতে অ্যাডমিট কার্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে সংশ্লিষ্ট স্কুলকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, ভবানীপুরের একটি নামী স্কুলের ছাত্র অয়ন দাস। তাঁর অভিযোগ ছিল, স্কুলের গাফিলতিতে শুক্রবার সকাল পর্যন্ত অ্যাডমিট কার্ড হাতে পায়নি সে। যেহেতু সোমবার থেকেই শুরু হচ্ছে পরীক্ষা, ফলে সে মানসিক অস্থিরতায় ভুগতে শুরু করে। ফলে কী করবে বুঝে উঠতে না পেরে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় সে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুক্রবার ছিল এই মামলার শুনানি।
গোটা বিষয়টা জানার পর বিচারপতি অয়ন দাসকে শুক্রবার সন্ধের মধ্যে এনরোলমেন্ট চেয়ে আবেদন করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। সেইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকে জরুরি ভিত্তিতে অ্যাডমিট কার্ড ইস্যু করার পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন তিনি। স্কুলের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ । তারমধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩। এবার মহিলা পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন। এবছর একজন ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীও রয়েছে। মোট ২ হাজার ৬৮২টি স্কুলে পরীক্ষা নেওয়া হবে।





