Header AD

সরস্বতী পুজো বন্ধ করা মাঠেই অমিত শাহের সভা ! বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের

রাজ্যের উত্তর ও দক্ষিণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জোড়া কর্মিসভা ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই সূত্রেই অমিত শাহ এবং বঙ্গ বিজেপিকে একাধিক প্রশ্নে কাঠগড়ায় তুলল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সাংসদ পার্থ ভৌমিক ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বারাকপুরের আনন্দপুরী মাঠে অমিত শাহের সভা নিয়ে তীব্র আপত্তি তোলেন। তাঁদের অভিযোগ, ওই মাঠে বছরের পর বছর সরস্বতী পুজোর অনুমতি দেয় না স্থানীয় বিজেপি নেতৃত্ব। এমনকি শিশুদের খেলাধুলার ক্ষেত্র হিসেবেও মাঠটি ব্যবহার করতে দেওয়া হয় না। সেখানে কীভাবে এত বড় রাজনৈতিক সভার অনুমতি দেওয়া হল— সেই প্রশ্ন তুলে বিজেপিকে কটাক্ষ করেন পার্থ ভৌমিক।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন, “যেখানে পুজো করতে দেওয়া হয় না, বাচ্চাদের খেলতে দেওয়া হয় না, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘শাহি সভা’ কীভাবে সম্ভব?” এই দ্বিচারিতার জবাব বিজেপিকে দিতে হবে বলেই দাবি করেন তাঁরা। উল্লেখ্য, শুক্রবারই বঙ্গসফরে এসেছেন অমিত শাহ। শনিবার দুপুরে তিনি বারাকপুরের আনন্দপুরীর মাঠে কর্মিসভায় যোগ দেন। সেখান থেকে আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন।

এদিন সাংবাদিক বৈঠকে আরও একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল। এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সেই অভিযোগ তুলে তৃণমূল দাবি করে, প্রতিদিন এই আতঙ্কে বিশৃঙ্খলা ছড়াচ্ছে এবং বহু মানুষের মৃত্যু ঘটছে। তৃণমূলের দাবি, এখনও পর্যন্ত এসআইআর আতঙ্কে একশোর বেশি মানুষ মারা গিয়েছেন। এই মৃত্যুর দায় কার— সেই প্রশ্ন তুলে বিজেপিকে নিশানা করেন নেতারা। ব্রাত্য বসু কমিশনকে কটাক্ষ করে বলেন, ” বাংলার মানুষকে খাওয়ার জন্য SIR হচ্ছে নির্বাচন কমিশনের তরফে শেষ উপহার।”

পাশাপাশি, ED, CBI, EC,NIAকে বিজেপির শাখা সংগঠন বলেও দাবি করেন পার্থ ও ব্রাত্য। তাঁরা কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে বলেন, ভোটের আগে “বাংলায় বার বার আসুন। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষের মানসিকতায় বিজেপির কোনও জায়গা নেই।” সব মিলিয়ে, অমিত শাহের সভাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরে তপ্ত বাংলা।