করোনাকালে যে সুবিধা বন্ধ হয়েছিল, তা আবার ফিরতে পারে। প্রবীণ যাত্রীদের জন্য ট্রেনের সংরক্ষিত টিকিটে ভাড়ার ছাড় ফেরানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে কেন্দ্র। সূত্রের খবর, এই নিয়ে ইতিমধ্যেই রেল মন্ত্রক ও অর্থ মন্ত্রকের মধ্যে আলোচনা হয়েছে। সবুজ সংকেত মিললে আসন্ন বাজেটেই এই ঘোষণা হতে পারে।
অতিমারির আগে ভারতীয় রেলে সংরক্ষিত শ্রেণিতে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বে যাত্রীদের বিশেষ ছাড় দেওয়া হতো। ৬০ বছর বা তার বেশি বয়সি পুরুষ যাত্রীরা টিকিটের দামে ৪০ শতাংশ এবং ৫৮ বছর বা তার বেশি বয়সি মহিলা যাত্রীরা ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতেন। কিন্তু কোভিড পরিস্থিতির জেরে ২০২০ সালের মার্চ মাসে এই সুবিধা তুলে নেওয়া হয়। গত বছর থেকেই ছাড় ফেরানোর জল্পনা শুরু হলেও, তাতে জল ঢেলে দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছিলেন, যাত্রী পিছু গড়ে ৪৬ শতাংশ ভর্তুকি দেয় রেল। ফলে অতিরিক্ত ছাড় দেওয়া সম্ভব নয়। সেই কারণে এতদিন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
এদিকে তথ্যের অধিকার আইনে পাওয়া তথ্য অনুযায়ী, রেলের তথ্যপ্রযুক্তি সংস্থা ক্রিস (CRIS) জানিয়েছে—২০২০ সালের ২০ মার্চ থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এই ছাড় বন্ধ থাকায় প্রায় ৮,৯১৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে রেলের।
তবে পরিস্থিতি এখন বদলেছে। সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, সঙ্গে বেড়েছে প্রবীণদের চিকিৎসা খরচও। এই বাস্তবতা মাথায় রেখেই তাঁদের আর্থিক স্বস্তি দিতে আবার টিকিটে ছাড় ফেরানোর কথা ভাবছে কেন্দ্র। সিদ্ধান্ত কার্যকর হলে, দেশের লক্ষ লক্ষ প্রবীণ যাত্রীর জন্য তা হবে বড় স্বস্তির খবর।





