মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহারের তুফানগঞ্জ। সোমবার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাককাটিগাছ হাইস্কুলে মিড ডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চরম আতঙ্ক ছড়ায়। অল্পের জন্য প্রাণরক্ষা হয় প্রায় ২০০ জন মাধ্যমিক পরীক্ষার্থীর। জানা গিয়েছে, ওই দিন সকালে স্কুলে পরীক্ষা চলার মধ্যেই মিড ডে মিলের রান্না হচ্ছিল। আচমকাই গ্যাসের পাইপ থেকে লিক শুরু হয় এবং সেখান থেকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনে ঢেকে যায় গোটা সিলিন্ডার। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সিলিন্ডারটি রান্নাঘর থেকে বাইরে নিয়ে আসা হয় এবং স্কুল মাঠে ফেলে দেওয়া হয়, যাতে পরীক্ষার্থীদের কোনও ক্ষতি না হয়। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কম্পনে কেঁপে ওঠে গোটা স্কুল চত্বর ও আশপাশের এলাকা।
বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে পরীক্ষার্থীরা। স্কুলের বাইরে অপেক্ষারত অভিভাবকরাও দৌড়ে ভেতরে চলে আসেন। স্থানীয় বাসিন্দারাও জড়ো হন ঘটনাস্থলে। পরে শিক্ষকদের আশ্বাসে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পরীক্ষার্থীরা আবার পরীক্ষায় বসে। ঘটনার খবর পৌঁছেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাছে। পর্ষদের আধিকারিকরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।
উল্লেখ্য, সোমবার থেকেই শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা, যা চলবে আগামী ১২ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য রাজ্য সরকার একাধিক ব্যবস্থা নিয়েছে। পরিবহণ দপ্তরের উদ্যোগে কলকাতা ও সংলগ্ন জেলায় একাধিক রুটে অতিরিক্ত বাস চালানো হচ্ছে, চালু হয়েছে হেল্পলাইন নম্বর। অন্যদিকে উত্তরবঙ্গে পরীক্ষাকেন্দ্রগুলিতে হাতির চলাচলের সমস্যা থাকায় বনদপ্তরের তরফেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে।





