জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর দিনাজপুরে। ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার রাতে গোয়ালপোখর–১ ব্লকের সাহাপুর–২ পঞ্চায়েতের শ্রীপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ভাইপো-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম সুজিত রায়। তিনি শ্রীপুর বাজার এলাকার বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন অধীর রায় ও তাঁর দুই ছেলে—অপূর্ব রায় এবং অভয় রায়। দীর্ঘদিন ধরে প্রায় তিন শতক জমির দখলকে কেন্দ্র করে দুই ভাই সুজিত রায় ও অধীর রায়ের পরিবারের মধ্যে বিবাদ চলছিল বলে স্থানীয়দের দাবি। রবিবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। বাড়ির উঠোনে তর্কাতর্কির মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। অভিযোগ, সেই সময় অধীর রায়ের ছেলে অপূর্ব রায় হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে কাকা সুজিত রায়ের পেটে আঘাত করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়, যা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেলেও পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই তিনজনকে গ্রেপ্তার করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডেন্দুপ শেরপা জানান, খুনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।





