Header AD
Trending

রূপের আড়ালে ভয়ংকর হামলা! বালোচিস্তানে পাকসেনাঘাঁটিতে আত্মঘাতী আক্রমণ, দুই মহিলা যোদ্ধার ছবি প্রকাশ

উত্তপ্ত বালোচিস্তানে ফের রক্তাক্ত সংঘর্ষ। পাকিস্তানি সেনার ঘাঁটিতে ধারাবাহিক হামলায় অন্তত ১০০ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বালোচ বিদ্রোহী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (BLA)। এই হামলার নেপথ্যে থাকা দুই মহিলা ফিদায়েঁ যোদ্ধার ছবি প্রকাশ করেছে সংগঠনটি। বিএলএ-র দাবি অনুযায়ী, ২৪ বছর বয়সি আসিফা মেঙ্গাল এই অভিযানের অন্যতম মুখ। যদিও দ্বিতীয় মহিলা যোদ্ধার পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। বিদ্রোহী সংগঠনের বক্তব্য, আসিফা একাই শতাধিক পাকিস্তানি সেনাকে হত্যা করেছেন। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে, বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, সেনার পালটা অভিযানে অন্তত ১৪০ জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে। তাঁর দাবি, চলমান সংঘর্ষে ১৭ জন সেনা-সহ মোট ৫০ জন প্রাণ হারিয়েছেন।

বালোচ সংগঠনের দাবি অনুযায়ী, আসিফা বালোচিস্তানের নুশকি এলাকার বাসিন্দা। তাঁর বাবা মহম্মদ ইসমাইল। ২০০২ সালের ২ অক্টোবর জন্ম নেওয়া আসিফা নিজের ২১তম জন্মদিনে বিএলএ-র মজিদ ব্রিগেডে যোগ দেন। এরপর ২০২৪ সালে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ নেন তিনি। লক্ষ্য ছিল নুশকিতে অবস্থিত পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর একটি কার্যালয়। এই ঘটনার সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছে বিএলএ। সেখানে বন্দুক হাতে অন্যান্য বিদ্রোহী সদস্যদের সঙ্গে দেখা যাচ্ছে ওই মহিলা যোদ্ধাকে। ভিডিওতে তিনি অভিযোগ করেন, পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে বালোচ জনগণের উপর নির্যাতন চালিয়ে আসছে এবং সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে আন্দোলন চলছে বালোচিস্তানে। পাক সেনার অভিযানের প্রতিবাদে সেখানে গড়ে উঠেছে একাধিক সশস্ত্র সংগঠন। বর্তমানে আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ ও তেহরিক-ই-তালিবানের সক্রিয়তায় পাকিস্তান এমনিতেই চাপে রয়েছে। সেই পরিস্থিতির মধ্যেই বালোচ বিদ্রোহীরা হামলার মাত্রা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে বালোচিস্তানের বিভিন্ন এলাকায় সেনা অভিযান শুরু হয়েছে। পালটা হামলায় বালোচিস্তানের চারটি জেলায় অন্তত ১২টি জায়গায় আত্মঘাতী আক্রমণের ঘটনা ঘটেছে বলে খবর।