Header AD
Trending

জাতির পিতার আদর্শে আঘাত! অস্ট্রেলিয়ায় গান্ধীমূর্তির পা কেটে পালাল দুষ্কৃতীরা, দ্রুত পদক্ষেপের আর্জি দিল্লির

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আবারও ভাঙচুরের শিকার হল মহাত্মা গান্ধীর মূর্তি। দুষ্কৃতীরা মূর্তিটির পা কেটে নিয়ে পালিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অস্ট্রেলিয়ায় বসবাস করা ভারতীয়দের মধ্যে। ভারতের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে অস্ট্রেলীয় প্রশাসনের কাছে। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজমাধ্যমে একটি পোস্টে বিবৃতি দিয়ে বলেন, “মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। বিষয়টি অস্ট্রেলীয় কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। দ্রুত পদক্ষেপ করে মূর্তি উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।”

মেলবোর্নের রোভিলে এলাকায়, অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে স্থাপিত ব্রোঞ্জের গান্ধীমূর্তিটি গত ১২ জানুয়ারি ভাঙচুর করা হয়। পরে সেখানে শুধু মূর্তিটির কাটা পা পড়ে থাকতে দেখা যায়। ২০২১ সালের ১২ নভেম্বর তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন এই মূর্তির উদ্বোধন করেছিলেন। অস্ট্রেলীয় ভারতীয় সম্প্রদায়ের দাতব্য ট্রাস্টের সদস্য সন্তোষ কুমার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে আংশিকভাবে ঘটনার সূত্র মিলেছে। তাঁর দাবি, মুখোশ পরা কয়েকজন ব্যক্তি একটি সাদা ভ্যানে করে এসে এই কাণ্ড ঘটিয়েছে। সমস্ত তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০২১ সালে মেলবোর্নে গান্ধীর ব্রোঞ্জের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ ধরে গুজরাটের জামনগরে নাথুরাম গডসের একটি মূর্তিও ভাঙা হয়। ‘হিন্দু সেনা’ নামের একটি সংগঠন ওই মূর্তিটি স্থাপন করেছিল। ভাঙচুরের ঘটনায় তৎকালীন কংগ্রেস সভাপতি দিগুভা জাদেজা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।