কলকাতার মহাজাতি সদন থেকে বাস ধরেছিলেন বিহার থেকে আসা এক দম্পতি। কিন্তু বাস থেকে নেমেই বিপত্তি। বুঝতে পারেন তাদের ব্যাগ উধাও। সেই ব্যাগে ছিল সোনার গয়না, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি। ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন দম্পতি।
২২ জানুয়ারি বিকেলে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন বিহারের কাটিহার জেলার বাসিন্দা সন্দীপ কুমার। অভিযোগে জানান, তাঁর স্ত্রীর ব্যাগ থেকে সোনার দু’টি চুড়ি, একটি হার ও একটি ব্রেসলেট চুরি যায়। গয়নার মোট ওজন প্রায় ৫৩ গ্রাম। পাশাপাশি খোয়া যায় ২৫ হাজার টাকা এবং আসল আধার কার্ড।
তদন্তে নেমে পুলিশ গত ৩০ জানুয়ারি আসানসোলের বাসিন্দা পিঙ্কি রায় (২৬)-কে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, জেরায় ধৃতের কাছ থেকেই সন্দীপ কুমারের টাকা, নথি ও সোনার গয়না উদ্ধার করা হয়েছে। আগামী কাল ৫ ফেব্রুয়ারি অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।





