ভোটমুখী আবহে বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য (Chandrima Bhattacharya)। আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হল এবারের রাজ্য বাজেটে। ১০০০ টাকা করে বাড়ছে ভাতা। সেই সঙ্গে আশাকর্মীরা পাবেন ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি। পাশাপাশি ঘোষণা করা হল, সিভিক ভলেন্টিয়ার, আশা বা আইসিডিএস কর্মীদের কর্মরত অবস্থায় মৃত্যু হলে তাদের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের এই জনমুখী বাজেটে স্বভাবতই খুশির হাওয়া সব মহলে।
সম্প্রতি আট দফা দাবি নিয়ে আশাকর্মীরা যখন পথে নেমেছিলেন তা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছিল। আর এবার সেই আশাকর্মীদের দাবিকেই প্রাধান্য দেওয়া হল রাজ্য সরকা্রের অন্তর্বর্তী বাজেটে । আশাকর্মীদের মাসিকভাতা ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করা হল। সেই সঙ্গে বলা হয়েছে তাঁরা মাতৃত্বকালীন ছুটি পাবেন ১৮০ দিন অর্থাৎ ৬ মাস। এমনকি সিভিক ভলান্টিয়ার, পার্শ্বশিক্ষকদের জন্যও বড় উপহার রয়েছে রাজ্য বাজেটে। তাঁদেরও ভাতা বাড়ানো হচ্ছে ১০০০ টাকা। পাশাপাশি কর্মরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হলে পরিবারকে তিন লক্ষ টাকার পরিবর্তে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। সিভিক ভলান্টিয়ারদের জন্য চলতি অর্থবর্ষে বাজেটে বরাদ্দ করা হয়েছে ১৫০ কোটি টাকা। শুধু তাই নয়, ভোটের আগে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতাও ১০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। এই খাতে বরাদ্দ মোট ২৮০ কোটি টাকা। প্রসঙ্গত, ভোটের আগে ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। বাজেটে খুশি আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার ও পার্শ্বশিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মীরা।





