Header AD

ধারাভাষ্য দিতে আগ্রহ নেই, ফোন থেকেও দূরে কেন—নিজেই জানালেন ধোনি

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বহু প্রাক্তন ক্রিকেটারকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায়। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনি যে সেই পথে হাঁটবেন না, তা একেবারে স্পষ্ট করে দিলেন তিনি। সম্প্রতি এক ইউটিউব অনুষ্ঠানে ধোনি জানালেন, ধারাভাষ্য দেওয়া তাঁর জন্য নয়—তার পেছনে রয়েছে একাধিক কারণ।

ধোনির মতে, ধারাভাষ্য দেওয়া মোটেই সহজ কাজ নয়। খেলায় কী হচ্ছে তা বর্ণনা করতে গিয়ে খেলোয়াড়দের সমালোচনা না করে কথা বলার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকে, যা অনেকেই বুঝতে পারেন না। তাঁর কথায়, “খেলার বর্ণনা করা একটি শিল্প। খুব সাবধানে শব্দ বেছে নিতে হয়, যাতে কারও মনে আঘাত না লাগে। কোনও দল হারলে তার পেছনে নিশ্চয়ই কারণ থাকে, কিন্তু সেটাকে এমনভাবে তুলে ধরতে হয় যাতে ব্যক্তিগত আক্রমণ না হয়—এই দক্ষতাই আসল ধারাভাষ্য।“

এছাড়াও ধোনি জানিয়েছেন, পরিসংখ্যান তাঁর শক্তির জায়গা নয়। অনেক ধারাভাষ্যকার আছেন, যাঁদের মুখস্থ থাকে গোটা যুগের ক্রিকেট পরিসংখ্যান। সেখানে তিনি নিজের পরিসংখ্যান চাইলে দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। তাই ধারাভাষ্যের বক্সে নিজেকে মানানসই মনে করেন না মাহি।

শুধু ধারাভাষ্য নয়, ফোন ব্যবহার থেকেও বরাবর দূরে থাকেন ধোনি। সমাজমাধ্যমেও তাঁকে দেখা যায় না বললেই চলে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ধোনি বলেন, তিনি ভালো বক্তা নন। ফোনে কথা বলতে তিনি স্বচ্ছন্দ নন, কারণ উল্টো দিকের মানুষের মুখ দেখা যায় না। বরং তিনি কথা বলার চেয়ে শুনতে বেশি ভালবাসেন।

ধোনির মতে, শুধু ফোনে নয়, সামনাসামনিও তিনি ‘ভালো শ্রোতা’ হিসেবেই নিজেকে দেখেন। পছন্দের মানুষদের সঙ্গে কথা বলেন ঠিকই, তবে বেশি কথা বলার চেয়ে চুপ করে শোনাকেই প্রাধান্য দেন। তাঁর বিশ্বাস, না জানলে চুপ করে থাকাই ভালো—কারণ নীরব থাকলে অনেক কিছু শেখা যায়।