গড়িয়ার নবদুর্গা পুজো কমিটির অফিসে ভয়াবহ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, ক্লাবেরই এক বিক্ষুব্ধ সদস্যের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ভাঙচুরের পাশাপাশি প্রণামী বাক্স ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনার জেরে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুজো কমিটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে একদল দুষ্কৃতী হঠাৎ করেই পুজো কমিটির অফিসে ঢুকে তাণ্ডব শুরু করে। অফিসের এসি, টিভি সহ একাধিক মূল্যবান সামগ্রী ভেঙে ফেলা হয়। আলমারি ভেঙে নগদ টাকা লুট করা হয় বলেও অভিযোগ। গোলমাল টের পেয়ে ক্লাবের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগে বলা হয়েছে, সেই সময় ক্লাবেরই এক সদস্য অমিত গঙ্গোপাধ্যায় প্রণামী বাক্স নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পুজো কমিটির দাবি, তাঁর নেতৃত্বেই এই ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত ঠিক কত টাকা লোপাট হয়েছে বা ঘটনার নেপথ্যে কী কারণ, তা স্পষ্ট নয়।
এই ঘটনার প্রতিবাদে পুজো কমিটির কর্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুজো কমিটির সম্পাদক নন্দকিশোর সিং বলেন, “আমাদের অফিসে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। দামি জিনিস ভাঙা হয়েছে, নগদ টাকা ও প্রণামী বাক্স নিয়ে যাওয়া হয়েছে। এমনকি কমিটির মোবাইল ফোনও উধাও। আমরা চাই, দোষীরা দ্রুত শাস্তি পাক।” অমিত গঙ্গোপাধ্যায় অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।





