লম্বা বিরতির পর আবার বাংলা ছবির কাজে ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এই শহরের গান নামক ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে তিনি হইচই-এর একটি শো, হিন্দি প্রোজেক্ট ও একাধিক বিজ্ঞাপনের কাজে যুক্ত থাকলেও, ফেডারেশনের সঙ্গে যাবতীয় জটিলতা মিটে যাওয়ার পর এটিই তাঁর প্রথম পূর্ণাঙ্গ বাংলা ছবি।
এই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে থাকছেন পরমব্রত, তাঁর সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। পরিচালক প্রার্জুন মজুমদারের এই ছবির চিত্রনাট্য আবর্তিত হবে তিনটি আলাদা জুটিকে কেন্দ্র করে। মূলত এটি একটি রোমান্টিক ড্রামা, যেখানে ভিন্ন বয়স ও ভিন্ন আর্থসামাজিক অবস্থানে থাকা তিনটি কাপলের জীবনের গল্প বলা হবে। পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবে শহর।
ছবির বিশেষত্ব এখানেই—এই তিন জুটি একে অপরকে চেনে না। তবু জীবনের নানা সংকট ও পরিস্থিতির টানে কোথাও গিয়ে তারা অদৃশ্য সুতোয় জড়িয়ে পড়ে। পরিচালক জানাচ্ছেন, একটি শহর কীভাবে নীরবে সবাইকে আগলে রাখে, সেই অনুভূতিই ছবির মূল সুর।
পরমব্রত–প্রিয়াঙ্কার পাশাপাশি ছবিতে আরও দুটি জুটি হল কনীনিকা বন্দ্যোপাধ্যায়–অনির্বাণ চক্রবর্তী এবং অঙ্গনা রায়–নবাগত মনপ্রীত। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও জিনিয়া পান্ডে।

ইতিমধ্যেই ছবির প্রথম শিডিউলের শুটিং শেষ হয়েছে। ভালোবাসা, ব্যর্থতা, উচ্চাকাঙ্ক্ষা ও ঈর্ষার মতো আবেগ মিলেমিশে ফুটে উঠবে এই ছবির যাত্রাপথে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা দ্বিতীয় পর্বের শুটিং।





