Header AD
Trending

আর জি কর দুর্নীতি মামলায় নাটকীয় মোড়! আখতার আলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

R G Kar Incident

আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির পর্দা ফাঁসের প্রথম সারিতে যাঁর নাম উঠে এসেছিল, সেই আখতার আলিকেই এ বার গ্রেপ্তার করার নির্দেশ দিল আলিপুরের সিবিআই আদালত। শুক্রবার আর জি কর দুর্নীতি মামলায় তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিষয়টিকে আদালত অবমাননা হিসেবে গণ্য করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে আদালত অবিলম্বে আখতার আলিকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

এর আগে বুধবার কলকাতা হাই কোর্টে আখতার আলির আগাম জামিনের আবেদন খারিজ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। সেই শুনানিতে সিবিআই জানায়, তদন্তের স্বার্থে আখতার আলিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলির সরাসরি যোগাযোগ ও যোগসূত্র রয়েছে।

সিবিআই আরও জানায়, মামলার শুনানিতে হাজির থাকার নির্দেশ থাকলেও আখতার আলি বারবার আদালতে আসা এড়িয়ে গিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা ভালো নয় বলে সূত্রের খবর।

অন্যদিকে, বুধবার শুনানির সময় আখতার আলির আইনজীবী দাবি করেন, তিনি কোনওভাবেই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত নন। বরং তিনি একজন ‘হুইসল ব্লোয়ার’। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তিনিই প্রথম সামনে এনেছিলেন বলে দাবি করা হয়। যদিও সিবিআই-এর পক্ষের আইনজীবী আদালতে জানান, সংস্থার হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে, যা থেকে স্পষ্ট যে সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলির যোগ রয়েছে।

সব দিক বিবেচনা করেই শুক্রবার আলিপুরের সিবিআই আদালত আখতার আলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয়। তবে তাঁর সামনে এখনও উচ্চতর আদালতে গিয়ে জামিন চাওয়ার সুযোগ খোলা রয়েছে।