শনিবার আমেরিকার বিরুদ্ধে ম্যাচটা কাগজে-কলমে যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে ততটা ছিল না। প্রথমে ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে ছিলেন না ভারতীয় ব্যাটাররা। শেডলি ভ্যান শাকউইক নামের এক তুলনামূলক অচেনা মিডিয়াম পেসারের সামনে ধসে পড়ে টপ অর্ডার। অধিনায়ক সূর্যকুমার যাদব দায়িত্ব না নিলে ম্যাচের ছবি হয়তো অন্যরকম হতে পারত। অভিষেক শর্মাদের ব্যর্থতা অনেকটাই ঢেকে দেন বোলাররা।
এই ম্যাচের পর বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে দিল্লিতে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। রাজধানীতে পা রেখেই ভারতীয় দলকে আমন্ত্রণ জানান হেড কোচ গৌতম গম্ভীর। রবিবার দিল্লিতে নেমে প্রথমে আলাদা গাড়িতে বাড়ির পথে রওনা দেন গম্ভীর। কিছুক্ষণ পর টিম বাসে করে একে একে পৌঁছন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। রাজেন্দ্র নগরের বাড়িতে তাঁদের স্বাগত জানান গম্ভীর নিজে। সঙ্গে ছিলেন স্ত্রী নাতাশা জৈন ও দুই কন্যা আজিন এবং আনাইজা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন ক্রিকেটাররা। কেউ গম্ভীরের মেয়েদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন, আবার কেউ নাতাশার সঙ্গে সৌজন্য বিনিময় করেন। নৈশভোজে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লাও। উল্লেখ্য, গম্ভীরের বাড়িতে টিম ইন্ডিয়ার নৈশভোজ এই প্রথম নয়। গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজকে অল্প সময়ের মধ্যে হারানোর পরেও একইভাবে তাঁর বাড়িতে গিয়েছিল গোটা দল।
এদিকে জানা গিয়েছে, সোমবার অনুশীলন থেকে ছুটি পেয়েছে ভারতীয় দল। বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সাংবাদিক সম্মেলনও হবে না সোমবার। কারণ মঙ্গলবার দিল্লিতেই রয়েছে নেদারল্যান্ডস বনাম নামিবিয়া ম্যাচ। তাই সোমবার সকালে নামিবিয়া এবং বিকেলে নেদারল্যান্ডস অনুশীলন করবে। মঙ্গলবার সকাল ১১টায় ম্যাচ শুরু হবে। ভারতীয় দল অনুশীলনে নামবে মঙ্গলবার সন্ধ্যা ৬টায়। প্রায় তিন ঘণ্টার প্রস্তুতি সেশন চলার কথা টিম ইন্ডিয়ার।





