Header AD

আলিপুর ট্রেজারি ভবনে আগুন, দু’ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ আলিপুরের ট্রেজারি ভবনের পাঁচতলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন এবং আগুন নেভানোর কাজ শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভবনের একটি স্টোরেজ রুম থেকেই আগুনের সূত্রপাত। তবে এই ঘটনায় কেউ আহত হননি বা প্রাণহানির ঘটনাও ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, প্রথমে পাঁচতলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনের ভিতরে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হলে দ্রুত তারা পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের তৎপরতার জেরেই আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, দেরি হলে বড়সড় বিপদ ঘটতে পারত। ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। দমকল বিভাগ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতার বিভিন্ন এলাকায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড়বাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট ও নিউটাউন—এর পর এ বার আলিপুরের ট্রেজারি ভবনে আগুন লাগার ঘটনায় ফের উদ্বেগ বাড়ল শহরে।