Header AD

বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক, একই দিনে তিন পরীক্ষা, SIR আবহে গার্ড নিয়ে চিন্তা

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination 2026)। ওইদিন একদিকে যেমন চালু হচ্ছে নতুন সিলেবাসের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, তেমনই একই দিনে শুরু হচ্ছে পুরনো সিলেবাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পাশাপাশি, ওইদিন থেকেই অনুষ্ঠিত হবে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও। তিনটি পরীক্ষা একসঙ্গে পরিচালনা করাই এ বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে বড় চ্যালেঞ্জ। কারন এসআইআর আবহে পরীক্ষা কেন্দ্রে গার্ড দেওয়ার জন্য এখনও পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে।

পরীক্ষায় নকল বা প্রশ্নপত্র ফাঁস রুখতে আগের বছরের মতো এবারও প্রযুক্তিগত সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নজরদারি, আলাদা রঙের খামে প্রশ্নপত্র সংরক্ষণ এবং পর্যাপ্ত শিক্ষক মোতায়েন—সব দিকেই বিশেষ গুরুত্ব দিয়েছে সংসদ। বিশেষ করে এসআইআর সংক্রান্ত আবহে বহু শিক্ষক বিএলও হিসেবে নিযুক্ত থাকায় পরীক্ষাকেন্দ্রে গার্ডের দিকটা সামলানো সংসদের কাছে বাড়তি দায়িত্ব।

এ বছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। এর মধ্যে নতুন সিলেবাসের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থী ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন। তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসছেন ৫৮ হাজার ৪৫২ জন এবং পুরনো সিলেবাসে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থী রয়েছেন ১৪ হাজার ৪৯৪ জন।

সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে নতুন সিলেবাসের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। একই সময়ে শুরু হবে পুরনো সিলেবাসের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা। একই ভেন্যুতে যাতে কোনও বিভ্রান্তি না ঘটে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্যজুড়ে ২১০৩টি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন শিক্ষক বা ইনভিজিলেটর রাখার পরিকল্পনা করা হয়েছে। সংসদের দাবি, গত বছরের তুলনায় প্রায় ৭ হাজার শিক্ষক ও ইনভিজিলেটর বাড়ানো হয়েছে। সেই কারণে মাধ্যমিক স্তরের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও ইনভিজিলেটর হিসেবে কাজে লাগানো হচ্ছে।
সব মিলিয়ে, একসঙ্গে তিন ধরনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বাড়তি সতর্কতা ও পরিকল্পনা নিয়েছে। পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।