Header AD

কানাডার স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, নিহত ১০! পুলিশের গুলিতে মৃত্যু আততায়ীর

কানাডায় ফের স্কুলে বন্দুকবাজের তাণ্ডব। ক্লাস চলাকালীন আচমকাই স্কুলে ঢুকে পড়ুয়াদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এক আততায়ী। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন আরও প্রায় ২৫ জন। বুধবার দুপুরে কানাডার টাম্বলার রিজ এলাকার একটি সেকেন্ডারি স্কুলে এই ভয়াবহ ঘটনা ঘটে। পুলিশের পালটা গুলিতে হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, অন্যান্য দিনের মতোই বুধবার দুপুরে স্কুলে স্বাভাবিকভাবে পঠনপাঠন চলছিল। স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টা ২০ মিনিট নাগাদ এক ব্যক্তি স্কুল চত্বরে ঢুকে পড়ে এবং কোনও সতর্কতা ছাড়াই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে শিক্ষক ও পড়ুয়ারা যে যেদিকে পারেন ছুটতে থাকেন। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের, আহত হন অন্তত ২৫ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ সময় ধরে পুলিশ ও আততায়ীর মধ্যে গুলির লড়াই চলে। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে বন্দুকবাজ খতম হয়।

তবে এই হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় আরও কেউ যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

এদিকে পুলিশের তরফে বিবৃতি জারি করে টাম্বলার রিজ এলাকার বাসিন্দাদের ঘরের বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আপাতত দরজা-জানালা বন্ধ রেখে ঘরে থাকুন এবং পুলিশি নির্দেশ মেনে চলুন। এলাকা এড়িয়ে চলার জন্যও সাধারণ মানুষকে অনুরোধ করেছে পুলিশ।