Header AD

দিঘায় প্রায় ১০ একর জমিতে হিডকোর হোটেল প্রকল্প, ই-অকশনে চূড়ান্ত হবে দরপত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)মস্তিষ্কপ্রসূত জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকেই দিঘায় জনসমাগম ক্রমেই বেড়ে চলেছে। এই বাড়তি পর্যটকের চাপ সামলাতে এবার মাঠে নামছে হিডকো (HIDCO)। দিঘার জগন্নাথ ধাম নির্মাণের পর এবার সমুদ্রতীরবর্তী শহরটিতে বড়সড় হোটেল প্রকল্প হাতে নিচ্ছে হিডকো (আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগম)। সম্প্রতি সংস্থার তরফে জোড়া দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ই-অকশন পদ্ধতিতে আগামী ১৮ মার্চ এই দরপত্র চূড়ান্ত করার কথা রয়েছে।

প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী, দিঘার পশ্চিম গদাধরপুর মৌজায় ৩৪টি প্লটে হোটেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অংশের মোট জমির পরিমাণ ৬.৮৮ একর। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ১২টি প্লটের উল্লেখ রয়েছে, যার আয়তন ২.২৯ একর। সব মিলিয়ে প্রায় ১০ একর জমিতে গড়ে উঠবে এই নতুন হোটেল কমপ্লেক্স।

দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ড বেঁধে দিয়েছে হিডকো। জানানো হয়েছে, গত তিনটি আর্থিক বছরে প্রতিটি বছরেই অন্তত ১০০ কোটি টাকার লেনদেন রয়েছে—এমন সংস্থাই ই-অকশনে অংশ নিতে পারবে। সূত্রের খবর, গোটা প্রকল্পে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হতে পারে। হোটেল নির্মাণের কাজ সম্পূর্ণ করতে সর্বোচ্চ পাঁচ বছর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, দরপত্র চূড়ান্ত হওয়ার সম্ভাব্য সময়ের আগেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ পেতে পারে। যদিও হিডকো সূত্রে জানা গিয়েছে, প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারিত নিয়ম মেনেই এগোবে।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই হিডকোর চেয়ারম্যান পদে পরিবর্তন হয়েছে। বর্তমানে এই দায়িত্বে রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। হোটেল নির্মাণ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দিঘায় পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে, আর জগন্নাথ ধাম উদ্বোধনের পর সেই প্রবণতা আরও জোরদার হয়েছে। সামগ্রিক পর্যটন পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বছরের এপ্রিল মাসে অক্ষয়তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ ধামের উদ্বোধন হয়। উদ্বোধনের আট মাসের মধ্যেই দর্শনার্থীর সংখ্যা এক কোটির গণ্ডি পেরিয়েছে। পুরীর মন্দিরের আদলে সেখানে ধ্বজাদানের ব্যবস্থা চালু হয়েছে। পাশাপাশি, অগ্রিম বুকিংয়ের মাধ্যমে তিন বেলা আট রকমের মহাপ্রসাদ পাওয়ার ব্যবস্থাও রয়েছে।
অন্যদিকে দিঘার জগন্নাথ ধামের পর নিউ টাউনে দুর্গা অঙ্গন এবং শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের দায়িত্বও পেয়েছে হিডকো। দুই প্রকল্পেরই শিলান্যাস সম্পন্ন হয়েছে। এরই মধ্যে দিঘায় নতুন হোটেল নির্মাণের পরিকল্পনা পর্যটন শিল্পে আরও গতি আনবে বলেই মনে করা হচ্ছে।