পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল ১০ নম্বর জাতীয় সড়ক। শুক্রবার ভোররাতে বিয়েবাড়ি যাওয়ার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তিস্তা নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকায়, বান্দারে ক্লিফের কাছে ঘটনাটি ঘটে। ডুয়ার্স থেকে সিকিম যাওয়ার পথে গাড়িটি একটি বাঁকে দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। রাস্তা ছেড়ে গাড়িটি পাহাড়ের ধারে নেমে সোজা নদীতে পড়ে যায় এবং ডুবতে শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটিতে মোট ৪ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁরা বর্তমানে চিকিৎসাধীন। ভোরের এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ১০ নম্বর জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও মৃতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।





