সাত বছর আগে, ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় (Pulwama) সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের লেথপোরা এলাকায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তারক্ষীদের কনভয়ের বাসে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক বিস্ফোরণ। প্রায় আড়াই হাজারের বেশি জওয়ানকে বহনকারী ৭৮টি গাড়ির সেই বিশাল কনভয় রক্তাক্ত হয়ে ওঠে। ঘটনাস্থলেই শহিদ হন ৪০ জন, আহত হন আরও অনেকে।এই মর্মান্তিক ঘটনার সপ্তম বর্ষপূর্তিতে গোটা দেশ শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ‘ব্ল্যাক ডে’ হিসেবে পালিত এই দিনে জাতি স্মরণ করে তাঁদের আত্মত্যাগ, সাহস ও কর্তব্যনিষ্ঠা। শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শহীদদের স্মরণ করে নিজের এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী পুলওয়ামায় শহীদ CRPF জওয়ানদের স্যালুট জানিয়েছেন।

অভিষেক তাঁর পোস্টে লেখেন, ‘পুলওয়ামা হামলায় আত্মবলিদান দেওয়া বীর জওয়ানদের ত্যাগ জাতি চিরকাল গর্ব ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ পাশাপাশি তিনি হিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

উল্লেখ্য, এই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানী জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ। তদন্তে জানা যায়, আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ছিল। ঘটনার পর দেশজুড়ে শোক ও ক্ষোভের সঞ্চার হয় এবং প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি শহিদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
পুলওয়ামার সেই কালো দিন আমাদের মনে করিয়ে দেয়—দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের আত্মত্যাগ কখনও ভোলার নয়। তাঁদের স্মৃতিকে সম্মান জানিয়ে শান্তি, সংহতি ও মানবিকতার পথে এগিয়ে যাওয়াই হোক আমাদের অঙ্গীকার।





