“বিজেপির দলদাস কমিশন শুনানি শেষের পর এখন বলছে বাংলার বাড়ির নথি চলবে না। বিজেপির নির্বাচিত কমিশন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যাক ডোর দিয়ে বাংলার বৈধ ভোটারদের নাম কাটার চেষ্টা করছে। এটা অনৈতিক, অবৈধ।” SIR নিয়ে নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকার বিরুদ্ধে এভাবেই গর্জে উঠলেন তৃণমূলের অন্য়তম মুখ্যপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য (Chandrima Bhattacharya) কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বলেন, দেশের শীর্ষ আদালতের নির্দেশিকা অমান্য করছে তারা।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের তরফে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য ও দলের অন্যতম মুখপাত্র কুণাল কমিশনের এসআইআর সংক্রান্ত নয়া নির্দেশিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। চন্দ্রিমা বলেন, “ইলেক্টোরাল অফিসার ২১ জানুয়ারি জানতে চায় বাংলার বাড়ি বা ইন্দিরা আবাস যোজনার নথি শুনানিতে গ্রহণযোগ্য কিনা। তার উত্তরে শুনানি শেষ হয়ে যাওয়ার পর আজ, ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জানাল বাংলার বাড়ির নথি গ্রহণ করা যাবে না। কিন্তু কেন গ্রহনযোগ্য হবে না? সুপ্রিম কোর্ট যে নথি গুলো গ্রহণের মান্যতা দিয়েছে তার মধ্যে এটাও পড়ে। তার মানে কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশিকাও মানছে না। বাংলার বাড়ির টাকা তো সেই পাবে যার এখানে জমি আছে, বৈধ ভোটার। শুধুমাত্র বাংলার মানুষকে অসুবিধায় ফেলার জন্য এগুলো করা হচ্ছে। “
চন্দ্রিমার কথার সূত্র ধরেই কুণাল ঘোষ নির্বাচন কমিশনের (Election Commission Of India) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, শুনানি প্রক্রিয়া শেষ হয়ে যাওরায় পর বলছে এই নথি গ্রহণযোগ্য নয়। বিপুলসংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে কমিশন। শুনানির শেষ দিন পার হওয়ার পর এসব বলছে। হিয়ারিং চলা কালীন কেন নোটিশ দিল না? বৈধ ভোটারদের কাছে আরও একটা দরজা বন্ধ করার চেষ্টা করছে। যারা এই নথি দিয়েছে তাদের প্রতি কতবড় অবিচার করা হচ্ছে ভাবুন! অথচ সুপ্রিম কোর্ট বলছে বাংলার বাড়ির নথি গ্রহণযোগ্য।” তিনি আরও বলেন, ভারতীয় বিচার ব্যবস্থা একজন অভিযুক্তকেও সু্যোগ দেয়।নির্বাচন কমিশন বিজেপির দালাল। বিজেপির দলদাস।কোন উদ্দেশ্যে এটা করছে তারাই জানে? বহু মানুষকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এটা অনৈতিক, অবৈধ কাজ। বিজেপির নির্বাচিত কমিশন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যাক ডোর দিয়ে বাংলার বৈধ ভোটারদের নাম কাটার চেষ্টা করছে। রাজ্যের শাসকদল সব রকম ভাবে এর বিরোধিতা করছে।”





