Header AD

ঝাড়খণ্ডে শিবরাত্রির মেলার খাবার খেয়ে অসুস্থ ১৭৫, বেশিরভাগই শিশু! খাদ্যে বিষক্রিয়া?

ঝাড়খণ্ডে শিবরাত্রি উপলক্ষে আয়োজিত এক মেলায় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১৭৫ জন গ্রামবাসী। অসুস্থদের মধ্যে অধিকাংশই শিশু। ঘটনাটি ঘটেছে পলামু জেলার দ্বারকা গ্রামে আয়োজিত মেলায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা থেকে একে একে মেলায় খাবার খাওয়া লোকজনের বমি, ডায়রিয়া ও পেটব্যথার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। পরিস্থিতি খারাপ হওয়ায় সবাইকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসার পর অনেকেই সুস্থ হয়ে উঠলেও এখনও ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

জেলার সরকারি চিকিৎসক অনিলকুমার শ্রীবাস্তব জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনাই বলে মনে হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। বিশেষ করে অসুস্থ শিশুদের শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।

প্রশাসনের আশ্বাস, তদন্ত রিপোর্ট হাতে এলে ঘটনার আসল কারণ স্পষ্ট হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।