ডিজিটাল গ্রেফতারির নামে ভয় দেখিয়ে কলকাতার এক দম্পতির কাছ থেকে তিন কোটিরও বেশি টাকা আত্মসাতের ঘটনায় বড় সাফল্য পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। এই মামলায় রবিবার মহম্মদ আমজাদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের অক্টোবরে বেহালার ব্যবসায়ী বিধান ঘোষদস্তিদার ও তাঁর স্ত্রী এই প্রতারণার শিকার হন। অভিযোগ, প্রথমে এক ব্যক্তি নিজেকে কুরিয়ার সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে ফোন করে জানান, বিধানের নামে পাঠানো একটি পার্সেলে নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে। এরপর বলা হয়, এই ঘটনায় CBI ও ED তদন্ত করছে।
এরপর আরও এক ব্যক্তি ভিডিও কলে নিজেকে সিবিআই অফিসার ‘অমিত কুমার’ পরিচয় দিয়ে দম্পতিকে গ্রেপ্তারের ভয় দেখান। ভয় দেখিয়ে তাঁদের মোবাইল ফোনে সারাক্ষণ ভিডিও চালু রাখতে বাধ্য করা হয়। বলা হয়—তাঁদের গতিবিধি ‘সিবিআই নজরদারিতে’ রাখা হয়েছে। ভিডিও কলে সিবিআই, ইডি ও RBI-এর ভুয়ো আইডি কার্ড ও নথিও দেখানো হয়। পরে আরও দু’জন নিজেদের আইপিএস অফিসার বলে পরিচয় দেন।
চরম আতঙ্কের মধ্যে প্রতারকেরা জানায়, টাকা দিলে সমস্ত অভিযোগ থেকে রেহাই পাওয়া যাবে, নচেৎ গ্রেপ্তার অনিবার্য। সেই ভয়েই দম্পতি ধাপে ধাপে মোট ৩ কোটি ১ লক্ষ টাকা প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন।
পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দম্পতি সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের সূত্র ধরেই রবিবার মারকিউ স্ট্রিটে থাকা আমজাদের দোকান ও আস্তানায় হানা দেয় পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয়েছে ১২টি সিম বক্স, ১টি ল্যাপটপ, ৯টি রাউটার, ওয়াইফাই সংযুক্ত সিসিটিভি ক্যামেরা, ১৭টি মোবাইল ফোন, প্রায় ২,২৫০টি সিম কার্ড, ল্যান কেবল ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম।
পুলিশের ধারণা, এই বিপুল সরঞ্জাম ব্যবহার করেই একটি সুসংগঠিত সাইবার প্রতারণা চক্র চালানো হচ্ছিল। ধৃতকে জেরা করে এই চক্রের সঙ্গে যুক্ত আরও ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে।
ছবিঃ প্রতীকী





