Header AD
Trending

অথৈ জলে ফেডারেশনের পরিকল্পনা, কোটি টাকা দিতে অস্বীকার ইস্ট-মোহনদের

শর্ট টার্ম ইন্ডিয়ান সুপার লিগ (ISL) চালু করতে গিয়ে বড় ধাক্কা খেল ফেডারেশন। গভর্নিং কাউন্সিল গঠন, ক্লাবপ্রতি ১ কোটি টাকা জমা—এসব প্রতিশ্রুতি কাগজেই রয়ে গেল। বাস্তবে কোনও কাউন্সিল ছাড়াই শুরু হয়ে গিয়েছে চলতি মরশুমের আইএসএল। ক্লাবগুলিও স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মরশুমে তারা ১ কোটি টাকা দেবে না।

কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরের উদ্যোগে শর্ট টার্ম লিগের ছক কষা হয়েছিল। পরিকল্পনা ছিল, ফেডারেশন ও ক্লাব মিলেই গভর্নিং কাউন্সিল তৈরি হবে। সেই অনুযায়ী চ্যাটারও পাঠানো হয় ক্লাবগুলির কাছে। কিন্তু দু’দিন ম্যাচ হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও ক্লাব চ্যাটারে সই করেনি। ফলে ধরে নেওয়াই হচ্ছে, ফেডারেশনের শর্ত মানতে রাজি নয় আইএসএল ক্লাবগুলি।

চ্যাটারে স্পষ্ট লেখা ছিল—লিগে অংশ নিতে প্রত্যেক ক্লাবকে ১ কোটি টাকা দিতে হবে। কিন্তু ক্লাবগুলির যুক্তি, ফ্যানকোড (FANCODE) থেকে ফেডারেশন যে সম্প্রচার-সংক্রান্ত অর্থ পাচ্ছে এবং ফেডারেশনের নিজস্ব প্রতিশ্রুত অর্থ মিলিয়ে লিগ চালানোর খরচ উঠে যাওয়ার কথা। সে ক্ষেত্রে ক্লাবের টাকা নিয়ে আবার লিগ খরচ চালানো—এই ব্যবস্থায় তারা রাজি নয়। তাই চ্যাটারে সই করেনি ক্লাবগুলি।

এই পরিস্থিতিতে বাধ্য হয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) -এর ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ আলাদা আলাদা করে ক্লাবগুলির সঙ্গে কথা বলছেন। লক্ষ্য একটাই! ১ কোটি টাকা না হলেও অন্তত কিছু অর্থ দিলে যেন লিগ চালাতে সমস্যা না হয়। কারণ, একবার শুরু হয়ে যাওয়ার পর কোনও ভাবেই আইএসএল বন্ধ করতে চাইছে না ফেডারেশন।

এদিকে ফেডারেশনের অন্দরমহলে আরেকটি বাস্তবতাও স্পষ্ট। রিলায়েন্স-এর মতো সংস্থা বার্ষিক ৫০ কোটি টাকা খরচ করে ভারতীয় ফুটবলে কমার্শিয়াল পার্টনার হতে আপাতত এগিয়ে আসবে না। তাই খুব ভেবেচিন্তে লং টার্ম লিগের জন্য টেন্ডার ডাকতে চাইছে ফেডারেশন। পরিকল্পনা রয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে ২০ বছরের কমার্শিয়াল পার্টনার খোঁজার জন্য টেন্ডার প্রকাশ হবে। বিড জমা দেওয়ার জন্য কর্পোরেট সংস্থাগুলিকে প্রায় ২০ দিন সময়ও দেওয়া হতে পারে।

পাশাপাশি স্পোর্টস কোড অনুযায়ী নতুন করে তৈরি ভারতীয় ফুটবলের সংবিধান রাজ্য সংস্থাগুলিকেও মানতে হবে। সেই কারণেই শীঘ্রই সব রাজ্য ফুটবল সংস্থাকে ডেকে পাঠিয়ে নতুন সংবিধান বিস্তারিত ভাবে বোঝাতে চাইছে ফেডারেশন।