Header AD

ভোটের আগেই ফের‘সবুজসাথী’! ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই ১২ লক্ষ সাইকেল বিলির প্রস্তুতি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার আগেই ছাত্রছাত্রীদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সব কিছু পরিকল্পনা মাফিক চললে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই ফের ‘সবুজসাথী’ প্রকল্পের আওতায় সাইকেল বিতরণ শুরু হতে পারে। ভোটের প্রাক্কালে নবান্নের এই তৎপরতা ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

গত বছর সারা রাজ্যে প্রায় ১২ লক্ষ ৩৪ হাজার শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছিল। প্রশাসনের অনুমান, ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে প্রায় ১২ লক্ষ ৪৭ হাজারে পৌঁছাতে পারে। অর্থাৎ চলতি বছরে প্রায় সাড়ে ১২ লক্ষ ছাত্রছাত্রী ‘সবুজসাথী’-র সুবিধা পেতে চলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ১ কোটি ৩৮ লক্ষেরও বেশি পড়ুয়া এই প্রকল্পের মাধ্যমে সাইকেল পেয়েছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় ‘সবুজসাথী’ প্রকল্প। শুরুতে নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৪০ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছিল। পরে নীতিতে পরিবর্তন আনা হয়—নবম শ্রেণিতে ভর্তি হলেই পড়ুয়ারা এই সুবিধা পেতে শুরু করে। বর্তমানে রাজ্যের প্রায় ৯ হাজার স্কুল এই প্রকল্পের আওতায় রয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচন কমিশন রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। তার আগেই একাধিক জনমুখী প্রকল্পের সুবিধা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য প্রশাসন। এই কর্মসূচি বাস্তবায়নে স্কুলশিক্ষা, সংখ্যালঘু উন্নয়ন, অনগ্রসর শ্রেণিকল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তর একযোগে কাজ করছে বলে খবর।

ভোটের আগে সাইকেল বিতরণকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও সরকারের বক্তব্য স্পষ্ট—শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহজ করা এবং স্কুলছুটের হার কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।