বাংলাদেশের (Bangladesh) রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। নতুন ও পুরনো সংসদ সদস্যদের সমন্বয়ে তিনি গঠন করলেন ৫০ সদস্যের মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে জায়গা পেয়েছেন তিন জন নারী। তাঁদের মধ্যে একজন পূর্ণমন্ত্রী এবং দু’জন প্রতিমন্ত্রী। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম রিতা। প্রতিমন্ত্রী হয়েছেন ফারজানা শারমিন পুতুল ও শামা ওবায়েদ। নারী প্রতিনিধিত্বের সংখ্যা তুলনামূলক কম হলেও, নতুন সরকারের কাঠামোয় তাঁদের উপস্থিতি উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মহম্মদ সাহাবুদ্দিন। এরপর একে একে অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।
উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘ ২০ বছর পর আবার ক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশ শাসন করেছিলেন তারেকের মা, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Jiah)। এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় এলেন তারেক রহমান নিজে। মন্ত্রিসভার ৫০ সদস্যের মধ্যে ১৭ জন একেবারেই নতুন মুখ। জাতীয় সংসদের ২৯৯টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২১২টিতে। তবে এবারের সংসদে মাত্র সাত জন মহিলা সাংসদ নির্বাচিত হয়েছেন, যা আগের কয়েকটি নির্বাচনের তুলনায় কম। শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারতের তরফে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) এবং পাকিস্তানের পক্ষ থেকে ছিলেন পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী।
নতুন মন্ত্রিসভায় সবচেয়ে আলোচিত সংযোজনগুলির একটি হল টেকনোক্র্যাট কোটায় খলিলুর রহমানের অন্তর্ভুক্তি। তিনি এর আগে মহম্মদ ইউনুসের (Mohammed Younus) নেতৃত্বাধীন বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। বাংলাদেশের সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী সংসদের বাইরের বিশেষজ্ঞদের মন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারেন। এই ব্যবস্থাকেই টেকনোক্র্যাট কোটা বলা হয়।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান আপাতত গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকছেন। দলীয় সূত্রে খবর, অদূর ভবিষ্যতে তাঁর সরকারি বাসভবন হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার কীভাবে দেশ চালায়, সে দিকেই এখন নজর গোটা দেশের।





