রাজ্যসভায় বাংলার পাঁচ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। কাছাকাছি সময়ে খালি হচ্ছে ১০টি রাজ্যের মোট ৩৭টি আসনও। এই পরিস্থিতিতে ওই আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের এই পাঁচ আসন-সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট হবে।রাজ্যসভার ভোট নিয়ে বুধবার সকালে একটি বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন(Election Commission of India)।
ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই করা হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। তবে একটি আসনের জন্য এক জনই মনোনয়ন জমা দিলে নির্বাচনের প্রয়োজন পড়বে না।এরপর ১৬ মার্চ হবে ভোটগ্রহণ এবং ওইদিনই বিকেল ৫টায় হবে নির্বাচনের ফলাফল ঘোষণা। যে ১০ রাজ্যের ৩৭ আসনে নির্বাচন হচ্ছে সেগুলি হল মহারাষ্ট্র (৭), ওড়িশা (৪), তামিলনাড়ু (৬), পশ্চিমবঙ্গ (৫), অসম (৩), বিহার (৫), ছত্তিশগড় (২), হিমাচল(১), তেলেঙ্গানা (২) ও হরিয়ানা (২)।
বিধানসভায় এখনকার বিধায়ক সংখ্যার নিরিখে পাঁচ আসনের মধ্যে চারটিতে তৃণমূলের জয়ী হওয়ার কথা। বিধানসভার বর্তমান সমীকরণ অনুযায়ী, একটি আসনে জয়ী হওয়ার কথা বিজেপির। তবে পাঁচের বেশি প্রার্থী দাঁড়ালে ভোটাভুটির প্রয়োজন হবে।এই ৩৭ রাজ্যসভা আসনের মধ্যে বাংলার যে ৫ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে তাঁরা হলেন, সাকেত গোখেল (তৃণমূল), ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (তৃণমূল), বিকাশরঞ্জন ভট্টাচার্য (সিপিএম), মৌসম বেনজির নূর (তৃণমূল) ও সুব্রত বক্সি (তৃণমূল)। ইতিমধ্যেই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিয়েছেন মৌসম। বাকি সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। তার আগেই নির্বাচন শেষ করে শূন্যস্থানে সাংসদদের বেছে নেওয়া হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিধানসভা, লোকসভার পর এবার রাজ্যসভাতেও শূন্য হতে চলেছে বাংলার বামেরা। রাজ্যসভায় বাংলা থেকে সিপিএমের শেষ সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁর ৬ বছরের মেয়াদ শেষ করছেন।





