উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোলতলা এলাকায় অবস্থিত একটি মহিলা হোম থেকে একসঙ্গে ১০ জন আবাসিক পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সোমবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে হোমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পালিয়ে যাওয়া ১০ জনের মধ্যে ২ জন নাবালিকা, ৭ জন বাংলাদেশি মহিলা এবং ১ জন এ রাজ্যের বাসিন্দা। সংশ্লিষ্ট হোমটি মূলত মহিলা আবাসিকদের জন্য নির্ধারিত, যেখানে বিদেশি নাগরিক কিংবা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (CWC) নির্দেশে পাঠানো মহিলাদের রাখা হয়।
অভিযোগ, সোমবার রাত প্রায় ১২টা নাগাদ আবাসিকরা মূল গেটের তালা ভেঙে পালানোর চেষ্টা করেন। নিরাপত্তারক্ষী তাঁদের আটকানোর চেষ্টা করলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায়, এবং পুলিশ রাতেই তল্লাশি অভিযান শুরু করে।শেষপর্যন্ত গঙ্গানগর কাটাখাল ও আশপাশের এলাকা থেকে পুলিশ সকল আবাসিককেই উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোমের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আবাসিকদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ তৈরি হচ্ছিল। সেই ক্ষোভ থেকেই এই পালানোর চেষ্টা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
ঘটনা প্রসঙ্গে বারাসত জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, হোম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং হোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।





