Header AD
Trending

খুনের পর ধর্ষণ, ‘আত্মা’র সঙ্গে কথা! অনুশোচনা নেই, আদালতের পথে মুচকি হাসি অভিযুক্তের

মধ্য প্রদেশের ইন্দোরে এমবিএ পড়ুয়া তরুণীকে খুন করে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবকের আচরণ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, অপরাধের পরেও অভিযুক্ত যুবক পীযুষ ধামনেটিয়ার মধ্যে কোনও অনুশোচনার লক্ষণ নেই। বরং জেরার সময় তাকে অস্বাভাবিকভাবে শান্ত দেখাচ্ছে।

মঙ্গলবার আদালতে তোলার পথে থানার বাইরে এক সাংবাদিক প্রশ্ন করলে অভিযুক্ত মুচকি হেসে বলে, “ওসব ভুলে যান। যা হওয়ার হয়ে গিয়েছে। এসব জেনে কী করবেন?” অনেকের মতে, এই বক্তব্যে সে নিজের কাজকে মান্যতা দেওয়ার ইঙ্গিতই দিয়েছে। যদিও পরে অভিযুক্ত জানায়, আপাতত সব কিছু প্রকাশ করতে চায় না। সময় এলে বিস্তারিত বলবে সে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে টানা জেরা করা হচ্ছে। কেন এই হত্যাকাণ্ড, তার নেপথ্যে কী উদ্দেশ্য, সব খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিকদের কথায়, জেলে থাকাকালীনও তার আচরণে অপরাধবোধের ছাপ নেই। এমনকী নিজের অপরাধের বিষয়টি সে স্বাভাবিক বলেই ধরে নিচ্ছে, এমন ইঙ্গিত মিলছে। এই অস্বাভাবিক মানসিক অবস্থার কারণ বুঝতে মনস্তত্ত্ববিদদের সাহায্য নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, তরুণীকে শ্বাসরোধ করে খুন করার পর অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে। আরও চাঞ্চল্যকর তথ্য হিসেবে উঠে এসেছে, খুনের পর তরুণীর ‘আত্মা’র সঙ্গে কথা বলার উদ্দেশ্যে তন্ত্রমন্ত্রের আশ্রয় নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি অভিযুক্তের ঘর থেকে এমবিএ পড়ুয়ার নগ্ন দেহ উদ্ধার হয়। পরদিনই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত চলছে এবং ঘটনাটির সব দিক খোলসা করতে জোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন।