Header AD
Trending

শালিমার স্টেশনে লাইনচ্যূত লোকাল! ট্রেন ফাঁকা থাকায় এড়ানো গেল বড় বিপদ

ফের লাইনচ্যূত হল লোকাল ট্রেন। বুধবার শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যূত হয় একটি লোকাল ট্রেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। রেল সূত্রে খবর, সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার সময় তিন নম্বর প্ল্যাটফর্মে কাছে লাইনচ্যূত হয় লোকাল ট্রেনটির একটি কামরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। তিন নম্বর প্লাটফর্মে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল।

রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সাঁতরাগাছি থেকে শালিমারের দিকে যাচ্ছিল ফাঁকা লোকাল ট্রেনটি। ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময়ে লাইনচ্যূত হয়ে যায় ওই ট্রেনের একটি কামরা। লাইনচ্যূত হওয়ার পরে প্ল্যাটফর্মের সঙ্গে ঘষতে ঘষতে এগোয় ট্রেনটি। এর ফলে প্ল্যাটফর্মের ধারের কিছুটা অংশ ভেঙে গিয়েছে। ঘটনার আকস্মিকতায় স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা ছুটোছুটি শুরু করে দেন চারিদিকে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই পদক্ষেপ নেয় রেল কর্তৃপক্ষ। তিন নম্বর প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হয়। অন্য প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। তবে ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যূত হল, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি রেল।

এ বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “একটি ঘটনা ঘটেছে। তবে ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। ফলে হতাহতের কোনও খবর নেই। ইতিমধ্যে লাইনচ্যূত কামরাটি উদ্ধারের কাজ শুরু করা হয়েছে।” তবে কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে বলেই জানিয়েছেন রেলের কর্তা।