হাসিন জাহানের (Hasin Jahan) করা নতুন মামলার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে (Mohammad Shami) নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। বর্তমানে খোরপোশ ও বিচ্ছেদ সংক্রান্ত যে মামলাগুলি কলকাতা হাই কোর্টে চলছে, সেগুলি দিল্লিতে স্থানান্তরের আবেদন জানিয়েছেন হাসিন। তাঁর দাবি, তিনি এখন দিল্লির স্থায়ী বাসিন্দা। তাই নিয়মিত কলকাতায় এসে শুনানিতে অংশ নেওয়া তাঁর পক্ষে ব্যয়বহুল ও কষ্টসাধ্য। এই আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত শামি ও তাঁর পরিবারের সদস্যদের কাছে জানতে চেয়েছে, মামলাগুলি দিল্লিতে সরানো নিয়ে তাঁদের কোনও আপত্তি আছে কি না।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, স্ত্রী ও কন্যার খোরপোশ বাবদ মাসে ৪ লক্ষ টাকা দিতে হবে শামিকে। এর মধ্যে স্ত্রীর জন্য দেড় লক্ষ টাকা এবং নাবালিকা মেয়ের খরচের জন্য আড়াই লক্ষ টাকা নির্ধারিত হয়। আদালতের নির্দেশ মেনে এখনও পর্যন্ত প্রতি মাসেই এই অর্থ প্রদান করছেন শামি। তবে এই অঙ্কে সন্তুষ্ট নন হাসিন জাহান। তাঁর অভিযোগ, নিজের মেয়েকে বঞ্চিত করে শামি তাঁর প্রেমিকার সন্তানের জন্য বিপুল অর্থ ব্যয় করছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, মেয়ের বাবা কোটিপতি হওয়া সত্ত্বেও তাঁর পড়াশোনার খরচে নাকি অনীহা দেখানো হচ্ছে, অথচ অন্যদিকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিলাসবহুল জীবনযাপন চলছে।
খোরপোশের পরিমাণ বাড়ানোর আবেদন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন। তার মধ্যেই হাসিন আরও একটি আবেদন করেছেন। সেই আবেদনে গার্হস্থ্য হিংসা ও ফৌজদারি অভিযোগ সংক্রান্ত মামলাগুলিও কলকাতা থেকে দিল্লিতে সরানোর আর্জি জানানো হয়েছে। তাঁর যুক্তি, মেয়ের পড়াশোনার কারণে তিনি এখন দিল্লিতেই থাকেন। আর শামি পেশাগত কারণে সারা দেশেই যাতায়াত করেন। তাই দিল্লিতে মামলা চললে তাঁর অসুবিধা হওয়ার কথা নয়।
এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি মনমোহনের বেঞ্চ সব পক্ষকে নোটিশ জারি করেছে। মামলাগুলি দিল্লিতে স্থানান্তরিত হলে ২০১৮ সাল থেকে কলকাতায় চলা শামি-হাসিনের দীর্ঘ আইনি লড়াই রাজধানীতেই স্থানান্তরিত হবে।





