নিঝুম রাতে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটল। এখানে ‘স্পাইডারম্যান’ কোনও নায়ক নয়, বরং দেওয়াল বেয়ে ওঠা এক দুষ্কৃতী। চারতলার ফ্ল্যাটকে নিরাপদ ভেবে বাসিন্দারা নিশ্চিন্তে ঘুমোলেও, সেই বিশ্বাস ভেঙে লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় চোর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ আলিপুরের ‘ও’ ব্লকের একটি বহুতলে ওই পরিবারটি থাকে। দম্পতি এক ঘরে, সন্তানরা অন্য ঘরে ঘুমোচ্ছিল। বারান্দা লাগোয়া একটি ঘরে রাখা ছিল টাকা ও গয়না ভরা ব্যাগ। ঘরের দরজা ভেজানো থাকায় সেই সুযোগ নেয় দুষ্কৃতী। গভীর রাতে সে একতলা থেকে দেওয়ালের অংশ ও রেনপাইপ ধরে উঠে প্রথমে বারান্দায় পৌঁছয়, তারপর দরজা ঠেলে ভিতরে ঢুকে ব্যাগটি নিয়ে একই পথে নেমে পালায়।
ঘটনার পর নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের ধারণা, অভিযুক্ত স্থানীয় বা আশপাশের এলাকার বাসিন্দা হতে পারে। আগেও এমন ঘটনায় দেখা গিয়েছে, এরা আগে থেকেই রেইকি করে। কোন ফ্ল্যাটে দরজা খোলা থাকার সম্ভাবনা আছে তা খুঁজে নেয়। অনেক সময় শেষ ট্রেনে নিকটবর্তী স্টেশনে নেমে রাত কাটিয়ে টার্গেট করা বাড়িতে হানা দেয়। এমনকী নাবালকদেরও কাজে লাগানো হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পরামর্শ, বহুতলের বাসিন্দারা যেন রাতে প্রতিটি ঘরের দরজা ভিতর থেকে লক করে রাখেন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।





