Header AD
Trending

পুরসভার উদ্যোগে শহরজুড়ে ২৮টি রাস্তা সারাইয়ের কাজ শুরু

বিধানসভা ভোট যত এগোচ্ছে, ততই শহরের পরিকাঠামো উন্নয়নে তৎপরতা বাড়াচ্ছে কলকাতা পুরসভা(Kolkata Municipal Corporation)। সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে শহরের বিভিন্ন প্রান্তের মোট ২৮টি রাস্তা মেরামতের প্রস্তাবে প্রশাসনিক অনুমোদন মিলেছে। পুর প্রশাসনের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

পুরসভা জানিয়েছে, দীর্ঘদিন ধরে শহরের একাধিক ওয়ার্ডে রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ জমা পড়ছিল। বিশেষত ব্যস্ত বাজার এলাকা, হাসপাতাল ও স্কুল সংলগ্ন রাস্তা এবং গুরুত্বপূর্ণ সংযোগকারী সড়কগুলিকে মেরামতির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্ষার আগে যাতে বড় ধরনের ক্ষতি এড়ানো যায়, সেই লক্ষ্যেই এই তৎপরতা। তবে পুরসভার রাস্তা বিভাগের এক আধিকারিক ভোটের সঙ্গে রাস্তা সারাইয়ের বিষয়টিকে যুক্ত করতে নারাজ। তাঁর বক্তব্য, শহরের বিভিন্ন প্রান্তে বড় মাপের জলপ্রকল্পের পাইপলাইন পাতার কাজ হয়েছে। তার ফলে বহু রাস্তার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেত্রেই আংশিক মেরামত সম্ভব নয়, কার্যত গোটা রাস্তাই নতুন করে তৈরি করতে হচ্ছে। ইঞ্জিনিয়ারিং বিভাগ সূত্রে জানা গিয়েছে, কোথাও নতুন করে পিচ ঢালাই, কোথাও কংক্রিটের অংশ সংস্কার, আবার কোথাও প্যাচওয়ার্ক করা হবে। প্রয়োজন হলে নিকাশি ব্যবস্থার উন্নয়নও করা হবে, যাতে জল জমে রাস্তার ক্ষতি না হয়।

পুর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরসভার ৭, ১০, ১১ ও ১৩ নম্বর বোরোর আওতাভুক্ত অন্তত ২৫টি রাস্তা জলপ্রকল্পের পাইপলাইন পাতার কারণে নতুন করে নির্মাণ করতে হচ্ছে। বাকি তিনটি রাস্তা ‘পথশ্রী’-সহ অন্যান্য প্রকল্পের আওতায় মেরামত করা হবে। যাদবপুর ও টালিগঞ্জ বিধানসভা এলাকার অন্তর্গত বাঘাযতীন, পাটুলি, কসবা, ই এম বাইপাস, হালতু, রামলাল বাজার, গড়ফা, বেহালা ও ঠাকুরপুকুরের বিভিন্ন অংশে ইতিমধ্যেই রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে। বহু জায়গায় খোঁড়াখুঁড়ির পর রাস্তা দীর্ঘদিন অপরিষ্কার ও খানাখন্দে ভরা থাকায় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছিল। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের আগে নাগরিক পরিষেবার মানোন্নয়নে সক্রিয় হয়েছে পুরসভা। যদিও কর্তৃপক্ষের দাবি, রাস্তা সারানোর সঙ্গে ভোটের সম্পর্ক নেই।

পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, শহরে মোট প্রায় ১৩৫ কিলোমিটার জুড়ে পাইপলাইন পাতার কাজ শেষ হলে প্রায় ৭০টি রাস্তা নতুন করে গড়ে তোলা হবে। তার মধ্যে আপাতত ২৫টির কাজ চলছে। বাকি রাস্তাগুলির ক্ষেত্রেও ধাপে ধাপে টেন্ডার ডেকে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।