Header AD

রাজ্যসভার প্রার্থী ও আগামী কর্মসূচি নিয়ে কালীঘাটে কৌশল বৈঠক মমতা–অভিষেকের

বৃহস্পতিবার দুপুরে কালীঘাটের বাসভবনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘ বৈঠক করেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দুপুর প্রায় তিনটে থেকে শুরু হওয়া এই আলোচনায় উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। তবে জানা যাচ্ছে, মূলত দুটি বিষয়কে ঘিরেই কথাবার্তা এগোয়—আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং দোলযাত্রা উপলক্ষে দলের কর্মসূচির রূপরেখা নির্ধারণ।

রাজ্যসভা ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা করেছে কমিশন। ফলে প্রার্থী নির্বাচন নিয়ে দলীয় স্তরে জোর আলোচনা চলছে। তৃণমূল সূত্রে খবর, এবার প্রার্থী তালিকায় চমক থাকতে পারে। কারা ফের মনোনয়ন পাবেন, কারা বাদ পড়তে পারেন, আর নতুন মুখ হিসেবে কাদের সামনে আনা হবে—এই নিয়েই বিস্তারিত পর্যালোচনা হয়েছে বৈঠকে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়েছিল দীনেশ ত্রিবেদী, মৌসম বেনজির নূর এবং অর্পিতা ঘোষকে। পরে একুশের বিধানসভা ভোটের আগে দীনেশ ত্রিবেদী দল ছাড়েন। তাঁর জায়গায় রাজ্যসভায় আসেন জহর সরকার। পরবর্তীতে আরজি কর কাণ্ডের পর জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিলে সেই শূন্য আসনে প্রার্থী করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। এবার তৃণমূলের চারটি আসনে কারা মনোনয়ন পাবেন, তা নিয়েই চূড়ান্ত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, দোলযাত্রাকে ঘিরেও দল বড়সড় পরিকল্পনা নিয়েছে। উৎসবের আবহে জনসংযোগ কর্মসূচি জোরদার করার কৌশল নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং উৎসবের মধ্য দিয়েই ভোটের বার্তা পৌঁছে দেওয়ার ওপর জোর দিচ্ছে তৃণমূল নেতৃত্ব।

সব মিলিয়ে কালীঘাটের এই বৈঠককে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। খুব শিগগিরই রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। পাশাপাশি দোল উপলক্ষে দলের কর্মসূচির বিস্তারিত ঘোষণাও আসন্ন।