Header AD

ফুটবল খেলতে গিয়ে অসুস্থ, চিকিৎসা না পেয়ে মৃত্যু সাংসদের

দেশের একজন বর্তমান সাংসদ (Member Of Parliament) হয়েও শেষ পর্যন্ত চিকিৎসার অভাবে প্রাণ হারাতে হল তাঁকে। বৃহস্পতিবার ফুটবল খেলতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন শিলংয়ের সাংসদ রিকি সিঙ্কো (Ricky AJ Syngkon)। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে কোনও চিকিৎসক উপস্থিত না থাকায় প্রাথমিক চিকিৎসাও দেওয়া সম্ভব হয়নি। পরে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মেঘালয়ের রাজনীতিতে।

গত কয়েক বছরে মেঘালয়ের রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন রিকি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেতা ভিনসেন্ট পালাকে (Vincent Pala) বিপুল ভোটে পরাজিত করে সংসদে জায়গা করে নেন ৫৪ বছর বয়সি রাজনীতিক। বৃহস্পতিবার শিলংয়ের মালওয়াই মাওইং এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন তিনি। খেলার মাঝেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন রিকি। সঙ্গে সঙ্গে তাঁকে মাওইং কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সেই সময় কোনও চিকিৎসক না থাকায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা মেলেনি।

পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের ডাঃ এইচ গর্ডন রবার্ট হাসপাতালে (Dr. H. Gordon Roberts Hospital) স্থানান্তর করা হয়। চিকিৎসকরা চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন তাঁর সমর্থকরা। তাঁদের প্রশ্ন, একজন সাংসদ যদি ন্যূনতম চিকিৎসা না পান, তবে সাধারণ মানুষের অবস্থা কী? শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা (Conrad Sangma)। তিনি সাংসদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাজনৈতিক মহলের বিভিন্ন স্তর থেকেও শোকবার্তা এসেছে।