শীতের আমেজ এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। রাজ্যের জেলাগুলিতে এখনও ভোর আর রাতের দিকে টের পাওয়া যাচ্ছে হালকা ঠান্ডার আমেজ। এর মধ্যেই মিলছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার ও মঙ্গলবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর , দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। তবে একই সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও লাগোয়া ভারত মহাসাগর অঞ্চলে নতুন করে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এর গতিপথ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে, এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করতে পারে। একই সঙ্গে এর শক্তিবৃদ্ধি পাবে। এর প্রভাবে আগামী সপ্তাহে বাংলার বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুধু বাংলা নয়, ওড়িশা এবং সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলেও বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন পারদ ঘোরাফেরা করবে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং উপকূল লাগোয়া জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ থেকে ২১ ডিগ্রির মধ্যে।
হাওয়া অফিস সূত্রে খবর আগামী কয়েকদিনে উত্তরবঙ্গেও তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে । সপ্তাহের শেষে সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই পারদই বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও আশপাশের পাহাড়ি এলাকায় আগামী কয়েকদিন তাপমাত্রা থাকতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কালিম্পং ও তার সংলগ্ন সমতল এলাকায় পারদ ঘোরাফেরা করবে ১১ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। অন্যদিকে শিলিগুড়ি, মালদহ এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।





