Header AD

স্বাস্থ্যদপ্তরে বিভিন্ন পদে প্রায় ৯ হাজার নিয়োগ, ভোটের আগে বিপুল কর্মসংস্থান

রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রকে আরও বেশি শক্তিশালী করতে এবং বাংলার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নয় হাজারের বেশি চিকিৎসক সহ ফার্মাসিস্ট থেকে জিএনএম নার্সিং, স্টাফ নার্স থেকে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বহু পদে আবেদনের হিড়িক পড়েছে, যার মধ্যে একাধিক পোস্টে নিয়োগও সম্পূর্ণ হয়েছে। স্বাস্থ্যদপ্তরের সার্কুলার অনুযায়ী জেনারেল নার্সিং মিডওয়াইফারি, স্টাফ নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও জিডিএমওসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য নারী পুরুষ মিলিয়ে ৩ হাজার ৩৬৩টি শূন্যপদের ঘোষণা করা হয়েছিল। সেখানে আবেদন জমা পড়েছিল ৪০ হাজারেরও উপরে। কম্পিউটার টেস্ট, ইন্টারভিউয়ের পর এবার প্যানেল প্রকাশিত হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এছাড়াও রাজ্যের প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজে একাধিক বিভাগ মিলিয়ে মোট ৪১৬ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, ৪৭টি ভিন্ন বিভাগে প্রায় ৫২২টি শূন্যপদ ছিল। সেই শূন্যপদগুলিতেই সহকারী অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এছাড়াও, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে প্রতিটি জেলায় চিকিৎসক নিয়োগ করা হয়েছে। জিডিএমও পদে মোট শূন্যপদ ছিল ১ হাজার ২২৭টি। এই পদের জন্য বিপুল সাড়া মেলে—মোট ৮ হাজার ৪৯ জন আবেদন করেন, যা শূন্যপদের প্রায় আটগুণ। ইতিমধ্যেই ১ হাজার ১৩২ জনের প্যানেল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, খুব শিগগিরই ফার্মাসিস্ট পদে নিয়োগের প্যানেলও প্রকাশ করা হবে।

রাজ্যে স্বাস্থ্যদপ্তরে একের পর এক নিয়োগে স্বস্তির হাওয়া। মেডিক্যাল টেকনোলজিস্টদের মধ্যেও এখন খুশির আবহ। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, রাজ্য সরকারি হাসপাতালগুলিতে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে মোট শূন্যপদ ছিল ৮০৭টি। সেই পদের জন্য বিপুল সাড়া মেলে—মোট ৪ হাজার ২৯৭ জন আবেদন করেন, যা শূন্যপদের প্রায় পাঁচগুণ। আবেদনকারীদের মধ্যে ৪ হাজার ২০ জনকে কম্পিউটার টেস্টের জন্য চিহ্নিত করা হয়। কম্পিউটার টেস্টের ফলাফলের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে ১ হাজার ৫৪৭ জনকে। দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করে রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে। এদিকে, নতুন চাকরি প্রাপকদের তালিকায় রয়েছেন ২ হাজার ৬১১ জন স্টাফ নার্সও। সব মিলিয়ে রাজ্য সরকারের এই পদক্ষেপ স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা সংশ্লিষ্ট মহলে।