রাজ্য সরকারের নতুন ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন ঘিরে ব্যাপক সাড়া মিলেছে। রাজ্য জুড়ে অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন গ্রহণ করা চলছে। তবে এবার অনলাইন আবেদনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিদিন শুধুমাত্র সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা—এই দুই ঘণ্টার মধ্যেই অনলাইনে আবেদন করা যাবে। অন্য সময়ে পোর্টালে প্রবেশ করতে গেলে আবেদনকারীদের নির্ধারিত সময়ের কথা জানিয়ে দেওয়া হচ্ছে।
১৫ ফেব্রুয়ারি থেকে অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। প্রথম থেকেই এই প্রকল্পের ফর্ম ভরতে ক্যাম্পগুলিতে যুবক-যুবতীদের লম্বা লাইন চোখে পড়ছে। সেই বিপুল ভিড় সামলাতে ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে অনলাইনেও আবেদন গ্রহণ শুরু হয়। নবান্ন সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে প্রায় আট লক্ষ আবেদন জমা পড়ছে। তবে এবার অনলাইনে আবেদনের জন্য নতুন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
কীভাবে করবেন অনলাইন আবেদন? আবেদন করতে হলে নির্দিষ্ট পোর্টাল https://apas.wb.gov.in-এ লগইন করে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। লিঙ্কে ক্লিক করে পোর্টালে প্রবেশ করলে দুটি বিকল্প দেখা যাবে—বাঁদিকে স্বনির্ভর বাংলা এবং ডানদিকে বাংলার যুবসাথী প্রকল্প।
‘যুবসাথী’ অংশে গিয়ে ‘Click to Apply’ অপশনে ক্লিক করলে ‘Apply Online’ বেছে নিয়ে আবেদন শুরু করা যাবে। সেখানে ক্লিক করলেই আবেদনের পরবর্তী পদক্ষেপে যাওয়া যাবে। ডানদিকে যুবসাথীতে আবেদন করতে গেলে কী কী নথিপত্র প্রয়োজন, তার তালিকা দেওয়া রয়েছে। নিজের মোবাইল নম্বর দিলে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি যাচাই করার পর আবেদন প্রক্রিয়া এগোবে।
অনলাইনে আবেদন করার সময় প্রথমেই প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। যেসব নথি আপলোড করতে হবে সেগুলি হল —মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড,ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, সাদা কাগজে নিজের সই করা স্বাক্ষরের স্পষ্ট ছবি।
সমস্ত নথি নির্ধারিত ফরম্যাটে আপলোড করার পর আবার একটি ওটিপি পাঠানো হবে। সেটি নির্দিষ্ট স্থানে প্রদান করলেই আবেদন সম্পূর্ণ হবে। সফলভাবে আবেদন জমা পড়লে আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে প্রশাসন। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
প্রসঙ্গত গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তিকালীন বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তবে ১০ ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রকল্পটি ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের তরফে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু শিক্ষিত যুবক-যুবতী উপকৃত হবেন বলেই আশা করছে প্রশাসন।





