Header AD

ভোটার তালিকায় ‘আনম্যাপড’ ঝড়! বৈধ নাম বাদ পড়ার আশঙ্কায় কমিশন ও জেলাশাসককে চিঠি বিএলওদের

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR in Bengal) প্রক্রিয়া ঘিরে শুরু থেকেই অনিয়মের অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একাধিকবার আশঙ্কা প্রকাশ করেছেন যে, সঠিক নিয়মে সংশোধন প্রক্রিয়া না চললে বহু বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে। তাঁদের আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ পাওয়া গেল এবার। এই আশঙ্কার কথা জানিয়েই কমিশন ও জেলাশাসককে চিঠি দিয়েছে বিএলও (BLO) ঐক্য মঞ্চ।

এই ইস্যুতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন এবং দিল্লিতে গিয়ে সরাসরি বৈঠকও করেছেন। এবার বিএলও ঐক্য মঞ্চের অভিযোগ, বহু বৈধ ভোটারকে ‘আনম্যাপড’ করা হয়েছে। যদিও তাঁরা শুনানিতে উপস্থিত থেকে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দিয়েছেন। তবুও মৌখিক নির্দেশে ইআরওদের তরফে তাঁদের নাম তালিকা থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি।

জেলাশাসকের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোচবিহার, উত্তর দিনাজপুর, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় এই সমস্যা দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে নামের বানানে সামান্য ভুল বা আগের তালিকার সঙ্গে অমিল থাকলেই ভোটারদের ‘আনম্যাপড’ করা হয়েছে বলে অভিযোগ। অথচ ম্যাপিংয়ের সময় কোনও তথ্যগত অসংগতি সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হয়নি।

কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ ব্লকের এক বিএলও, অনির্বাণ দে সরকার, তাঁর চিঠিতে বিস্তারিত পরিসংখ্যান দিয়েছেন। তাঁর এলাকায় ১১১ জন ভোটার ‘আনম্যাপড’, শুনানিতে অনুপস্থিত ছিলেন ৪ জন এবং ২০০২ সালের তালিকার সঙ্গে মিলিয়ে প্রোজেনি ম্যাপিংয়ের সংখ্যা ৭৫। তাঁর দাবি, অধিকাংশ ক্ষেত্রেই প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে জটিলতা নিরসনের দাবিতে বিএলওরা জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। তার আগে বিষয়টির সমাধান চেয়ে সরব সংশ্লিষ্ট মহল।