Header AD
Trending

নতুন রূপে ফিরছে হলং বনবাংলো: নবনির্মাণে ঐতিহ্য রক্ষা করে আধুনিক প্রযুক্তির ছোঁয়া

উত্তরবঙ্গের অরণ্যভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল হলং বনবাংলো। ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যাওয়ার পর এবার সেই ঐতিহ্যবাহী বাংলোকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বন দপ্তর জানিয়েছে, আগের সৌন্দর্য ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই আধুনিক প্রযুক্তি ও অগ্নিনির্বাপক উপকরণ ব্যবহার করে পুনর্নির্মাণ করা হবে এই বাংলো। সূত্রের খবর বিধানসভা নির্বাচনের আচরণবিধি জারির আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনও দিন শিলান্যাস করতে পারেন এই বাংলোর।

১৯৬৭ সালে জলদাপাড়া জাতীয় উদ্যান-এর অভ্যন্তরে নির্মিত হয়েছিল হলং বনবাংলো। প্রকৃতির কোলে, বন্যপ্রাণের কাছাকাছি থাকার অনন্য অভিজ্ঞতার জন্য এটি পর্যটকদের কাছে ছিল অত্যন্ত জনপ্রিয়। কিন্তু ২০২৪ সালের ১৮ জুন রাতে বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় কাঠের তৈরি সেই ঐতিহ্যবাহী বাংলো। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পর্যটন মহলে নেমে আসে হতাশার ছায়া।

আগের বাংলোতে ছিল কাঠের তৈরি আটটি কক্ষ। পুনর্নির্মাণের পরেও একই সংখ্যক কক্ষ রাখা হবে বলে জানিয়েছে বন দপ্তর। তবে এবার বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তায়। সংরক্ষিত অরণ্যের মধ্যে সরাসরি কংক্রিট নির্মাণে আইনি বিধিনিষেধ থাকায় বিশেষ নকশা ও প্রযুক্তির মাধ্যমে কাঠ ও কংক্রিটের সমন্বয়ে তৈরি হবে নতুন কাঠামো। পাশাপাশি আগুন প্রতিরোধক উপাদান ব্যবহার করে ভবিষ্যতে আগুনের ঝুঁকি কমানোর স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বন দপ্তরের এক আধিকারিকের কথায়, পুনর্নির্মাণের প্রাথমিক প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। বরাতপ্রাপ্ত সংস্থার হাতে জমিও তুলে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই নির্মাণকাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার আট কোটি টাকা বরাদ্দ করেছে। খবর, নির্মাণ শুরুর আগে বাংলোর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

ঐতিহ্য ও আধুনিক নিরাপত্তার মেলবন্ধনে গড়ে ওঠা নতুন হলং বনবাংলো উত্তরবঙ্গের পর্যটন শিল্পে নতুন উদ্দীপনা যোগ করবে—এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের।