Header AD

‘জেতার ৫০ দিনের মধ্যে নন্দীগ্রামে হলদি নদীর ওপর সেতু হবে’, বড় ঘোষণা অভিষেকের

ab sabang

রাজ্যে প্রথম দফার ভোটের আর মাত্র তিন দিন বাকি। ২৩ তারিখে মোট ১৫২টি আসনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ এখন চরমে।ভোটের আগে শেষ রবিবারে প্রচারের ঝাঁঝ বাড়াতে কোনও দলই পিছিয়ে নেই। এই আবহে নন্দীগ্রাম—যা এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র—সেখানকার জনসভা থেকে বড় ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।নন্দীগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি মেটানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, যদি তৃণমূল প্রার্থী পবিত্র কর জয়ী হন, তাহলে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতুর শিলান্যাস করা হবে। তাঁর কথায় ‘‘এখানে আপনারা পবিত্র করকে জেতালে আমি কথা দিচ্ছি, ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতুর শিলান্যাস করে দেব।”

সভা থেকে তিনি বলেন, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করাই তাঁদের দায়িত্ব, আর ৪ মে-র পরই সেই কাজ শুরু হবে।হলদি নদীর উপর একটি স্থায়ী সেতু বহুদিন ধরেই স্থানীয়দের প্রধান দাবি। গত পাঁচ বছরে বিধায়ক হিসেবে দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই বিষয়ে একাধিকবার আশ্বাস দিলেও কাজ এগোয়নি—এমন অভিযোগ রয়েছে। ফলে স্থানীয়দের মধ্যে কিছুটা অসন্তোষও তৈরি হয়েছিল।

এদিকে তৃণমূল প্রার্থী হিসেবে পবিত্র করের নাম ঘোষণার সময় থেকেই এই সেতু প্রসঙ্গটি পুণরায় গুরুত্ব পায়। তিনি আগেই দাবি করেছিলেন যে, দল ক্ষমতায় ফিরলে খুব দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে। রবিবারের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা সেই দাবিকেই আরও জোরালো করল।

সভা থেকে তিনি বিরোধী দলনেতাকে কটাক্ষ করে বলেন, গত পাঁচ বছরে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। পাশাপাশি তিনি দাবি করেন, স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য তাঁর উদ্যোগে চালু হওয়া ‘সেবাশ্রয়’ শিবিরকেও বাধার মুখে পড়তে হয়েছিল, যদিও পরবর্তীতে সেই উদ্যোগের সাফল্য অন্যরাও অনুকরণ করতে শুরু করেন।তিনি বলেন, ‘‘এখানে গত ৫ বছরে যিনি বিধায়ক ছিলেন, কোনও কাজ করেননি। আমাদের নেত্রী সর্বদা নন্দীগ্রামের কথা ভেবেছেন, এখানকার মানুষের উন্নয়নের কথা ভেবেছেন। নন্দীগ্রাম তৃণমূলের কাছে অন্য আবেগ। এখানকার স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা দেখে আমি যখন সেবাশ্রয় শিবির চালু করলাম, তখনও তিনি (শুভেন্দু অধিকারী) যথেষ্ট বাধা তৈরি করেছিলেন, খোঁচা দিয়েছিলেন। তার সেবাশ্রয় শিবিরের সাফল্য দেখে তিনি নকল করা শুরু করলেন। কী লাভ এসব করে? আপনারা এবার পবিত্রকে (তৃণমূল প্রার্থী পবিত্র কর) জেতান। আমি কথা দিচ্ছি, ৫০ দিনের মধ্যে আপনাদের দাবিমতো হলদি নদীর উপর সেতু তৈরি করে দেব। জানি এটা আপনাদের অনেকদিনের দাবি।”

এই ঘোষণায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ঠিক আগে এই প্রতিশ্রুতি তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে। এখন দেখার, নির্বাচনের ফল ঘোষণার পর এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় কিনা—তার উত্তর মিলবে ৪ মে-র পরেই।