Header AD
Trending

পাহাড়ে উন্নয়নের নতুন রূপরেখা! ১২৫ দিনের কাজ থেকে মেডিক্যাল কলেজ, একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

suvendu kurseong

পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রথমবার কার্শিয়াং সফরে গিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার কার্শিয়াংয়ে জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, পাহাড়ে উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করবে।

মুখ্যমন্ত্রী জানান, পাহাড়ি এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে। তাঁর কথায়, তিনি শুধুমাত্র বেড়ানোর জন্য পাহাড়ে আসেন না, বরং বাস্তব উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতেই নিয়মিত পাহাড়ে যাচ্ছেন। পাহাড়বাসীদের আশ্বস্ত করে তিনি বলেন, ধাপে ধাপে সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং উন্নয়নের সুফল প্রত্যন্ত এলাকার মানুষও পাবেন।

সভা থেকে তিনি ঘোষণা করেন যে, কালিম্পংয়ে (Kalimpong) একটি মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে। নতুন স্টেডিয়াম নির্মাণ ও ক্রীড়া সুবিধার উন্নয়নের পরিকল্পনার কথাও জানান তিনি।

এছাড়া আগামী ১ জুলাই থেকে পাহাড়ের পঞ্চায়েত এলাকাগুলিতে ১২৫ দিনের কর্মসূচির কাজ শুরু হবে বলে জানান তিনি। কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে পুলিশ বিভাগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই নিয়োগে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলেও তিনি জানান।

তৃণমূলের শাসন কালে পাহাড় উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগে পাহাড়ে দ্রুত উন্নয়ন ঘটবে এবং আগামী দিনে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিকাঠামোর ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে বলে তিনি আশাবাদী।