Header AD
Trending

কংগ্রেসের মিছিলে গিয়ে ‘অশুচি , দুধে স্নান করে ‘শুদ্ধ’ হয়ে তৃণমূলে যোগ যুবকের

Milk Bath

নির্বাচনের মুখে (Bengal Election 2026) রাজ্যে দলবদল নতুন কিছু নয়। তবে এবার ঘটল এক অভিনব ঘটনা। কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেওয়ার আগে এক যুবকের দুধে স্নান করার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রাণীনগর (Raninagar) এলাকার পানিপিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার কংগ্রেসের একটি বাইক মিছিলে অংশ নেন কয়েকজন যুবক। অভিযোগ, মিছিলে যোগ দেওয়ার জন্য তাঁদের টাকা ও বাইকের তেলের প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু কর্মসূচি শেষে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে দাবি করেন তাঁরা। এরপরই ক্ষুব্ধ হয়ে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন ওই যুবকেরা।

এই পরিস্থিতির মধ্যেই মামুন শেখ নামে এক যুবক অভিনব ভাবে প্রতিবাদ জানান। তিনি প্রকাশ্যে এক বালতি দুধে স্নান করেন এবং দাবি করেন, কংগ্রেসের মিছিলে গিয়ে তিনি ‘অশুচি’ হয়ে গিয়েছিলেন। তাই তৃণমূলে যোগ দেওয়ার আগে নিজেকে ‘শুদ্ধ’ করতে এই পদক্ষেপ নেন। এরপর স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে তিনি ও আরও কয়েকজন যুবক তৃণমূলে যোগ দেন।

ঘটনাটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, কাউকে মিছিলে আনার জন্য কোনও প্রলোভন দেখানো হয়নি। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনা বিরোধী রাজনীতির প্রতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।