Header AD

সব মামলায় রক্ষাকবচের আবেদন অভিষেকের! মোট কত মামলা ? বুধবারের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব আদালতের

Abhisek relief

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক মামলার মুখোমুখি হতে হচ্ছে কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। সেবাশ্রয় প্রকল্প, ডিজে মন্তব্য, তৃণমূলের সই জালিয়াতি-সহ একাধিক অভিযোগে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলায় আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠলে আদালত রাজ্যের কাছে জানতে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট কতগুলি মামলা রয়েছে। সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট বুধবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বর্তমানে একাধিক মামলার তদন্তে সিআইডি ও রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন অভিষেক। ডিজে মন্তব্য ও সই জালিয়াতি সংক্রান্ত মামলায় আগে থেকেই তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচ রয়েছে। এবার বাকি সমস্ত মামলাতেও একই ধরনের সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

এদিকে আদালতের কড়া পর্যবেক্ষণের পর বুধবার বিধাননগর আদালতে ডিজে মামলায় নিজের কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগে তিনি আদালতে দাবি করেছিলেন, বিতর্কিত মন্তব্য নিজের বলে স্বীকার করার পরও নতুন করে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রয়োজন নেই। সেই আবেদন খারিজ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, তদন্তে সহযোগিতা না করলে তাঁর প্রাপ্ত রক্ষাকবচ প্রত্যাহার করা হতে পারে।

শুনানির সময় বিচারপতি মন্তব্য করেন, “তদন্তে সহযোগিতা করুন। সব কিছুরই একটি সীমা রয়েছে। নোটিশ পেলে তার জবাব দিন, না হলে রক্ষাকবচ প্রত্যাহার এবং জরিমানার বিষয়েও আদালত ভাববে।”

এরপর অভিষেকের আইনজীবী আদালতের কাছে দুটি আবেদন জানান। প্রথমত, ডিজে মামলায় নেওয়া কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনও মামলার তদন্তে ব্যবহার করা না হয়। দ্বিতীয়ত, নমুনা দেওয়ার সময় তাঁর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হোক। অভিষেকের আশঙ্কা, ডিজে মামলার নামে সংগ্রহ করা কণ্ঠস্বর ভবিষ্যতে নিয়োগ দুর্নীতি-সহ অন্য মামলার তদন্তেও ব্যবহার করা হতে পারে।

এই আবহেই নিজের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলায় আইনি রক্ষাকবচের আবেদন জানিয়ে নতুন করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।